Type Here to Get Search Results !

Cinema : মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব, রামনবমীতে রণবীরের ‘রামায়ণ’-এর টিজার উন্মোচন অনুষ্ঠান বাতিল

 রাতদিন ওয়েবডেস্ক : বহু প্রতীক্ষিত বিগবাজেট সিনেমা ‘রামায়ণ’ ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে বলিউডে। প্রথমে পরিকল্পনা ছিল রামনবমীর শুভ তিথিতে এই ছবির টিজার প্রকাশ করা হবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির জেরে সেই অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের সংঘাত ঘিরে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাবই নাকি এই সিদ্ধান্তের মূল কারণ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই জানা গিয়েছিল, মার্চ মাসে রামনবমীর দিনকে কেন্দ্র করে রণবীর কাপুর অভিনীত এই মেগাবাজেট ছবির বিশেষ ঝলক উন্মোচন করা হবে। তিথি ও শুভক্ষণ মেনে সেই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। নির্মাতারা চেয়েছিলেন, এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এক অভিনব আয়োজন করতে।প্রযোজক নমিত মালহোত্রা এবং পরিচালক নীতেশ তিওয়ারি পরিকল্পনা করেছিলেন, রাজধানী দিল্লির ইন্ডিয়া গেট চত্বরে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে ছবির টিজার এবং প্রধান চরিত্রগুলির প্রথম ঝলক প্রকাশ করা হবে। রাজনীতি থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথাও শোনা গিয়েছিল। এমনকি কেন্দ্রীয় এবং মহারাষ্ট্র সরকারের একাধিক নেতা-মন্ত্রীও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর ছিল। সেই অনুযায়ী আমন্ত্রণপত্র পাঠানোর কাজও শুরু হয়েছিল।কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা পরিস্থিতি পাল্টে দেয়। ইরান-ইজরায়েল সংঘাতের জেরে বিশ্বজুড়ে উদ্বেগের আবহ তৈরি হয়েছে। বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, এমন অশান্ত ও উত্তেজনাপূর্ণ সময়ে বড়সড় উদযাপনমূলক অনুষ্ঠান করা ঠিক হবে না বলেই মনে করছেন নির্মাতারা। মানবিকতার কথা ভেবেই আপাতত টিজার উন্মোচনের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, ওই অনুষ্ঠানে শুধু টিজারই নয়, ‘রামায়ণ’-এর প্রথম পর্বের পুরো কাস্টের লুকও প্রকাশ্যে আনার পরিকল্পনা ছিল। বিশেষ করে রাম চরিত্রে রণবীর কাপুর এবং সীতা চরিত্রে সাই পল্লবীর প্রথম পূর্ণাঙ্গ ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। ফলে অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই হতাশা তৈরি হয়েছে দর্শক মহলে।

প্রসঙ্গত, এই ছবির জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছেন রণবীর কাপুর। প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার থেকে শিক্ষা নিয়ে রামের চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে বিশেষ মনোযোগ দিয়েছেন তিনি। জানা যায়, চরিত্রের জন্য নিজের শারীরিক গঠন বদলাতে টানা তিন বছর ধরে কঠোর শরীরচর্চা করেছেন অভিনেতা। এমনকি ব্যক্তিগত জীবনেও বেশ কিছু পরিবর্তন এনেছিলেন তিনি।সূত্রের দাবি, রামের চরিত্রের জন্য প্রস্তুতি নিতে গিয়ে রণবীর নাকি মদ্যপান এবং আমিষ খাদ্যও ত্যাগ করেছিলেন। যদিও এই বিষয়ে বিভিন্ন মহলে ভিন্ন মত রয়েছে, তবু চরিত্রটির প্রতি তাঁর নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলেন না কেউই।এর আগে ছবির একটি সংক্ষিপ্ত ঝলক প্রকাশ্যে এসেছিল, যেখানে কয়েক সেকেন্ডের জন্য রণবীরকে দেখা গিয়েছিল। কিন্তু তাতে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। এখন সকলের নজর রামনবমীর দিকে। কারণ বড় অনুষ্ঠান না হলেও, নির্মাতারা হয়তো সামাজিক মাধ্যমে ছবির টিজার প্রকাশ করতে পারেন বলেই জল্পনা চলছে। তাই রণবীর কাপুরের ‘রাম’ অবতার দেখার অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হলেও, দর্শকদের উত্তেজনা যে একটুও কমেনি, তা বলাই যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad