রাতদিন ওয়েবডেস্ক : বিয়ের আনন্দ এখনও কাটেনি। তার মধ্যেই এসে গিয়েছে শিবরাত্রি। নবদম্পতি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলীকে ঘিরে তাই স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গে। বিয়ের পরের দিনই শিবরাত্রি পড়ায় অনেকের প্রশ্ন ছিল স্বামীর মঙ্গল কামনায় কি নির্জলা উপোস করেছিলেন শ্যামৌপ্তি? সেই জল্পনার জবাব নিজেই দিলেন অভিনেত্রী।শ্যামৌপ্তির কথায়, এ বছর আর ব্রত পালন করা হয়ে ওঠেনি। বিয়ের পর বিদায় পর্ব, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ সব মিলিয়ে ব্যস্ততা ছিল তুঙ্গে। তাই শিবরাত্রির আচার-অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে আগামী বছর থেকে নিষ্ঠার সঙ্গে সব নিয়ম মেনে পালন করবেন বলেও জানালেন তিনি।রণজয় ছোটপর্দায় একাধিক বার মহাদেবের চরিত্রে অভিনয় করেছেন। সে প্রসঙ্গ উঠতেই হাসি চেপে রাখতে পারেননি শ্যামৌপ্তি।
মজার সুরেই বলেন, “ও যদি শিব হয়, তা হলে আমি অবশ্যই শিবভক্ত।” কথায় ছিল নতুন বিয়ের উচ্ছ্বাস আর ভাললাগার ছোঁয়া।বিয়ের অনুষ্ঠান নাকি চোখের পলকেই শেষ হয়ে গিয়েছে এমনটাই মনে হচ্ছে অভিনেত্রীর। তাঁর আক্ষেপ, যদি আরও কিছু দিন ধরে উৎসব চলত! তবে বিদায়ের সময় কান্নাকাটি হয়নি বলেই জানালেন তিনি। দুই পরিবারের বাড়ির দূরত্ব খুব কম হওয়ায় আলাদা হয়ে যাওয়ার অনুভূতিও তেমন হয়নি। বরং আনন্দ-হইহইয়ের মধ্যেই কেটেছে সব পর্ব। এমনকি শ্যামৌপ্তির পরিবারের অনেকেই শ্বশুরবাড়িতে গিয়ে কিছুটা সময় কাটিয়েছেন।বিয়ের দিন রণজয়ের আচরণ নিয়েও খোলামেলা কথা বলেন শ্যামৌপ্তি। বারবার স্ত্রীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে সারাক্ষণ আগলে রাখা সবটাই ছিল পরিকল্পিত যত্ন। অভিনেত্রীর কথায়, রণজয় জানেন তিনি কী পছন্দ করেন, কীভাবে স্বচ্ছন্দ থাকেন। তাই বিশেষ দিনে তাঁকে স্বস্তিতে রাখার চেষ্টা করেছেন সব সময়। তবে একটি আক্ষেপ রয়ে গিয়েছে নিজের বিয়ের ভোজের একটিও পদ চেখে দেখতে পারেননি তিনি!এখনও বৌভাতের অনুষ্ঠান বাকি। তা হবে ঘরোয়া পরিবেশে, দুই পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে। আলাদা করে বড়সড় প্রীতিভোজের আয়োজন থাকছে না। এরপর দু’জনেই কাজে ফিরবেন। শ্যামৌপ্তি ভিন্ন ধারার চরিত্র খুঁজছেন, তাই বেছে কাজ করার ইচ্ছা তাঁর। রণজয়ের নতুন কাজ নিয়েও জল্পনা থাকলেও সে বিষয়ে নিশ্চিত কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।মধুচন্দ্রিমায় এখনই যাচ্ছেন না নবদম্পতি। কিছু কাজ সেরে, নিজেদের গুছিয়ে নিয়ে তারপরই নিশ্চিন্তে বেড়াতে যাওয়ার পরিকল্পনা তাঁদের। আপাতত নতুন জীবনের শুরুটা উপভোগ করতেই ব্যস্ত রণজয়-শ্যামৌপ্তি।
