Type Here to Get Search Results !

Weather : ঘূর্ণাবর্ত নিম্নচাপের জোড়া প্রভাবে দেশজুড়ে আবহাওয়ার ভোলবদল, একাধিক রাজ্যে বৃষ্টি-ঝড়ের সতর্কতা

রাতদিন ওয়েবডেস্ক : ঘূর্ণাবর্ত নিম্নচাপের জোড়া প্রভাবে দেশজুড়ে আবহাওয়ার চরম পরিবর্তনের ইঙ্গিত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে রূপ নিতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। সিস্টেমটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছতে পারে। একই সঙ্গে উত্তর ভারত সংলগ্ন অঞ্চলে উপক্রান্তীয় পশ্চিমী বায়ুপ্রবাহ সক্রিয় রয়েছে। 

উত্তর-পূর্ব অসম সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া প্রভাবের ফলেই দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি, ঝড় ও তাপমাত্রার ওঠানামা দেখা দেবে। দক্ষিণ ভারতে ইতিমধ্যেই বৃষ্টির প্রভাব শুরু হয়েছে। সোমবার তামিলনাড়ু, কেরল ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ভারতে ভিন্ন চিত্র। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝাড়খণ্ড ও ওড়িশাতেও সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল অন্ধ্রপ্রদেশের কুরনুলে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে হরিয়ানার নাড়নাউলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে আগামী ছয় দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মধ্য ভারতে আগামী ২৪ ঘণ্টায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

দেশের বাকি অংশে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। সমুদ্রেও সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার, দমকা হাওয়ায় তা ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, কোমোরিন এলাকা, কেরল, লাক্ষাদ্বীপ ও শ্রীলঙ্কা উপকূলেও সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলাতেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। সব মিলিয়ে নিম্নচাপের জোড়া প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। কোথাও বৃষ্টি-ঝড়, কোথাও তাপমাত্রা বৃদ্ধি আগামী কয়েক দিন নজরে রাখতেই হবে আকাশের গতিপ্রকৃতি। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad