রাতদিন ওয়েবডেস্ক : নিউ জ়িল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছে ভারত। সিরিজ় জয়ের পাশাপাশি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন দলের দুই ভরসার ব্যাটার সূর্যকুমার যাদব ও ঈশান কিশন। খেলা শেষে দু’জনের কথাতেই ঘুরে ফিরে এসেছে বিশ্বকাপের প্রসঙ্গ।দীর্ঘ সময় খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাওয়ার পর অবশেষে নিজের চেনা ছন্দে ফিরেছেন সূর্যকুমার যাদব।
গত বছর ২১টি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ২১৮ রান করেছিলেন তিনি। গড় ছিল ১৪-এরও কম। অর্ধশতরান তো দূরের কথা, ইনিংস গড়তেই লড়াই করতে হয়েছিল। কিন্তু সেই সূর্যই নিউ জ়িল্যান্ড সিরিজ়ে পাঁচ ম্যাচে ২৪২ রান করে সিরিজ়ের সর্বাধিক রান সংগ্রাহক। ৮০.৬৬ গড় ও প্রায় ১৯৭ স্ট্রাইক রেটে তিনটি অর্ধশতরান করেন তিনি। সিরিজ় সেরার পুরস্কার হাতে নিয়ে সূর্য জানান, “আমি জানতাম সময় আসবেই। এক বছর ধরে নিজের কাজ করেছি। রান পাচ্ছিলাম না, কিন্তু ফর্মে ছিলাম।”রানের খরা কাটাতে ড্রয়িং বোর্ডে ফিরে গিয়ে নিজের ভুলগুলো ধরার চেষ্টা করেছিলেন সূর্য। পরিবারের সঙ্গে সময় কাটানো, কাছের মানুষদের সঙ্গে আলোচনা সব মিলিয়েই আত্মবিশ্বাস ফিরে পান ভারত অধিনায়ক।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের পরেই চূড়ান্ত পরিকল্পনা করবেন বলেও জানান তিনি।অন্য দিকে, দুই বছর পর জাতীয় দলে ফিরে নজর কেড়েছেন ঈশান কিশন। চার ম্যাচে ২১৫ রান করে সিরিজ়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক তিনি। তিরুঅনন্তপুরমে ৪৩ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরাও হন। বিশ্বকাপের প্রথম একাদশে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন এই বাঁহাতি ব্যাটার।শতরানের সামনে দাঁড়িয়েও হাত খুলে মারতে দ্বিধা করেননি ঈশান। তাঁর কথায়, “আমরা ব্যক্তিগত মাইলফলক ভাবি না। ম্যাচ জেতাটাই আসল। এই দলে কেউ শতরানের কথা ভাবে না।” বিশ্বকাপেই নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরতে চান ঈশান এটাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

