রাতদিন ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকারের মনরেগা MGNREGA নীতির প্রতিবাদে এবং প্রকল্পের নাম পরিবর্তনের বিরুদ্ধে সারা ভারত কংগ্রেস কমিটির AICC ডাকে পশ্চিমবঙ্গ জুড়ে জোরালো আন্দোলনে নামল প্রদেশ কংগ্রেস। গত ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ‘মনরেগা বাঁচাও অভিযান’ চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘অনশন-অবস্থান সত্যাগ্রহ’ পালন করেন কংগ্রেস নেতা কর্মীরা। আন্দোলনের মূল লক্ষ্য হলো মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন থেকে গান্ধীর নাম মুছে সেটিকে ‘বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও অজীবিকা মিশন গ্যারান্টি’ বা ‘ভিবি জি রাম জি’ করার কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে একশো দিনের প্রকল্পের সমর্থনে আন্দোলনে শামিল হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করেন। পাশাপাশি কলকাতার বিধান ভবন, বিড়লা তারামণ্ডলের কাছে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশসহ উত্তর কলকাতা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং ও পুরুলিয়ার মতো জেলাগুলোতেও বিক্ষোভ প্রদর্শিত হয়।
মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার অভিযোগ করেন যে, ভগবান রামের নাম ব্যবহার করে গান্ধীকে অপমান করা হচ্ছে এবং এতে গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দক্ষিণ কলকাতার সভাপতি প্রদীপ প্রসাদও মনে করেন, এই পরিবর্তনের মাধ্যমে কোটি কোটি মানুষের কাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আন্দোলনের মঞ্চ থেকে কংগ্রেস নেতৃত্ব কেবল কেন্দ্রকেই নয়, রাজ্য সরকারকেও নিশানা করেছেন। তাঁদের দাবি, রাজ্যে ‘কর্মশ্রী’ প্রকল্প থাকলেও বাজেটে তার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেনি তৃণমূল সরকার। সব মিলিয়ে গ্রামীণ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কংগ্রেসের এই সত্যাগ্রহ রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
