রাতদিন ওয়েবডেস্ক : আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৬-কে কেন্দ্র করে পরীক্ষার্থীদের সুবিধার্থে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। পরীক্ষা চলাকালীন যানজট, যাতায়াত সমস্যা বা অন্য যেকোনো জরুরি পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সাহায্য করতে একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরটি হলো, ৯৪৩২৬১০০৩৯ এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন।
গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লক্ষ বেড়েছে। পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। রাজ্যজুড়ে মোট ২,৬৮২টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ এবং কলকাতা পুলিশ যৌথভাবে পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেছে। যানজট এড়াতে এবং পরীক্ষার্থীরা যাতে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন, তার জন্য ট্রাফিক পুলিশকেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী রাস্তায় সমস্যায় পড়লে সরাসরি এই হেল্পলাইন নম্বরে ফোন করে পুলিশের সহায়তা নিতে পারবেন। পর্ষদ জানিয়েছে, পরীক্ষা শুরুর আগে প্রতিটি স্কুলে সিসিটিভি নজরদারি এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ৯৫৪টি স্কুল সময়মতো ফর্ম জমা না দেওয়ায় পর্ষদ কড়া পদক্ষেপও নিয়েছে এবং সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে।

