রাতদিন ওয়েবডেস্ক: শনিবার অবসর গ্রহণের প্রাক্কালে শুক্রবার রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে মিলিত হন রাজীব কুমার। এই বৈঠকে তিনি গত ডিসেম্বরে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে পুলিশি গাফিলতির কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় অধিকতর সতর্কতা ও পরিকল্পনার নির্দেশ দেন।
প্রযুক্তি ব্যবহারে দক্ষ বলে পরিচিত রাজীব কুমার সতর্ক করেন যে, অপরাধীরাও এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, তাই পুলিশকর্মীদের দ্রুত প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানো, অন-ক্যামেরা তথ্যপ্রমাণ সংগ্রহ, ময়নাতদন্তের রিপোর্ট দ্রুত পেতে পোর্টাল ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকর্মীদের চরম সংযম বজায় রাখার পরামর্শ দেন। বিশেষ করে জনবহুল ও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় নজরদারি বাড়ানোর বিষয়ে তিনি দিঘার জগন্নাথ ধামের উদাহরণ দেন। এদিনের বৈঠকে তিনি নিচুতলার কর্মীদের প্রতি সংবেদনশীল হওয়ার ওপর জোর দিয়ে জানান যে, অনেক ক্ষেত্রে কনস্টেবল বা সিভিক ভলান্টিয়াররা কঠোর পরিশ্রম করলেও কৃতিত্ব পান উচ্চপদস্থ কর্তারা। তাই আইসি ও ওসি-দের নির্দেশ দেন যাতে তাঁরা অধস্তন কর্মীদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যার দিকে বিশেষ নজর দেন। পরিশেষে, হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেনের কাজের প্রশংসা করার পাশাপাশি তিনি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বাড়িয়ে জনমুখী পুলিশিংয়ের বার্তা দিয়ে তাঁর কার্যকাল সমাপ্ত করেন।

