রাতদিন ওয়েবডেস্ক : আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে সিপিএম তাদের রণকৌশলে বড়সড় বদল আনতে চলেছে। জোটসঙ্গী কংগ্রেসের থেকে ইতিবাচক সাড়া না মেলায় এবং আইএসএফ সহ অন্যান্য বাম দলগুলোর সঙ্গে আসন রফার আলোচনা চলাকালীনই এবার কম আসনে বেশি জোর’ দেওয়ার পথে হাঁটছে আলিমুদ্দিন স্ট্রিট। ২০২১ সালে সিপিএম ১৩৮টি আসনে লড়লেও এবার প্রাথমিকভাবে মাত্র ৫৫ ৬০টি সম্ভাবনাময় আসনকে পাখির চোখ করা হয়েছে।
জেলাভিত্তিক সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই আসনগুলিকে তিনটি শ্রেণিতে ভাগ করে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে। বিশেষত উত্তরবঙ্গের দক্ষিণাংশ, মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংখ্যালঘু ও উদ্বাস্তু অধ্যুষিত এলাকাগুলোতে বাড়তি নজর দেওয়া হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের SIR নামে সাধারণ মানুষের হয়রানি ও নথিপত্র সংক্রান্ত অসন্তোষকে পুঁজি করে বিজেপি বা অন্য দলের দিকে চলে যাওয়া ভোটারদের ফিরিয়ে আনাই দলটির মূল লক্ষ্য। তবে সংখ্যালঘু সংগঠনের প্রতি বেশি আগ্রহ দেখালে হিন্দু বাঙালি ভোটাররা বিমুখ হতে পারেন, এই আশঙ্কায় ভারসাম্য বজায় রেখেই গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ঐক্যের ডাক দিচ্ছে সিপিএম। ২০২৪-এর লোকসভা নির্বাচনের মডেল অনুসরণ করে এবারও প্রার্থী তালিকায় তরুণ ব্রিগেডকেই প্রাধান্য দেওয়া হবে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো তরুণ মুখেরা ময়দানে থাকলেও প্রবীণ নেতাদের নির্বাচনী লড়াই থেকে দূরে রেখে সংগঠনের কাজেই ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত কৌশলগত কারণেই এই ‘বৃত্ত ছোট’ করার সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো আসনেই লড়াইয়ে ঢিলে দিতে নারাজ বাম নেতৃত্ব।

