Type Here to Get Search Results !

Lamborghini Havoc : ভিআইপি রোডে বিলাসিতার মরণঝাঁপ, ল্যাম্বারগিনি দুর্ঘটনায় রক্তাক্ত পথচারী

রাতদিন ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশের কানপুরে এক প্রভাবশালী ব্যবসায়ীর ছেলের বেপরোয়া গতির বলি হলেন একাধিক সাধারণ মানুষ। শহরের জনবহুল ভিআইপি রোডে দ্রুতগতিতে ধেয়ে আসা একটি বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহীসহ অন্তত ৬ জন পথচারীকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গাড়ির গতি এতটাই তীব্র ছিল যে ধাক্কায় এক বাইক আরোহী প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন এবং বাইকটিকে বেশ কিছুটা পথ টেনে নিয়ে যায় ঘাতক গাড়িটি। 

শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে থামলে বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পান স্থানীয়রা। জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন কানপুরের বিশিষ্ট তামাক ব্যবসায়ী কে কে মিশ্রের ছেলে শিবম মিশ্র। দুর্ঘটনার পর মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ক্ষুব্ধ জনতা গাড়িটি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। 

প্রত্যক্ষদর্শী সত্যেন্দ্র সিং চান্ডেল জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক চালকের নিরাপত্তারক্ষীরা বাউন্সারদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির কাঁচ ভেঙে শিবমকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে করে সরিয়ে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা তাঁদের দাবি, অভিযুক্ত প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় প্রাথমিক অবস্থায় পুলিশ এফআইআর দায়ের করতে গড়িমসি করছিল এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। তবে স্থানীয়দের ব্যাপক জনরোষ ও চাপের মুখে নতি স্বীকার করে শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে এবং দুমড়েমুচড়ে যাওয়া ল্যাম্বারগিনি গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। 

বর্তমানে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গোয়ালটোলি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে তদন্ত শুরু হয়েছে। জনবহুল রাস্তায় এই ধরণের উচ্চগতিসম্পন্ন গাড়ি চালানো এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করার ঘটনায় কানপুর জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad