রাতদিন ওয়েবডেস্ক : ময়মনসিংহে আ.লীগ কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ, উত্তপ্ত শিববাড়ি এলাকাময়মনসিংহে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নগরীর শিববাড়ি এলাকা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল নেতাকর্মী কার্যালয়টিতে এসে ব্যাপক ভাঙচুর চালান।
এ সময় নেতৃত্ব দেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ভবনের দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। পরে ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়।এর দুই দিন আগে আয়াস প্রকাশ্যে আওয়ামী লীগের কার্যালয়গুলোকে ‘পাবলিক টয়লেট’ বানানোর ঘোষণা দিয়েছিলেন। সোমবারের এ ঘটনায় সেই ঘোষণারই প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার বিক্ষোভে কার্যালয়টি প্রথম দফায় ভাঙচুরের শিকার হয়। সর্বশেষ ঘটনায় ভবনের ফটকের পাশের দেয়াল সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) কয়েকজন আওয়ামী লীগ নেতা কার্যালয়ে এসে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরই নতুন করে উত্তেজনা তৈরি হয় বলে জানা গেছে।বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গোপনে দলীয় কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তাই তাদের এমন কার্যক্রম প্রতিহত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা ভবনটিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে রূপান্তরের ঘোষণাও পুনর্ব্যক্ত করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু নেতাকর্মী এসে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। পুলিশ পৌঁছানোর আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

