রাতদিন ওয়েবডেস্ক : বলিউডে অল্প সময়ের মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন অহান শেট্টী। তবে অভিনয়ের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি অভিনেতাকে। সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার তরফে অহানের বিরুদ্ধে অতিরিক্ত খরচের অভিযোগ উঠতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয় ইন্ডাস্ট্রিতে। এ বার সেই অভিযোগ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন অহানের বাবা, বর্ষীয়ান অভিনেতা সুনীল শেট্টী।পাঁচ বছরের অভিনয়জীবনে ইতিমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ ছবিতে কাজ করেছেন অহান।
তাঁর প্রথম ছবি ‘তড়প’ মুক্তির পরেই নজরে আসেন তিনি। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অহান। কিন্তু কাজের সাফল্যের মাঝেই প্রযোজকের অভিযোগ নতুন করে বিতর্ক উসকে দেয়।ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে একেবারেই নারাজ সুনীল শেট্টী। তিনি স্পষ্ট ভাষায় জানান, অহান অত্যন্ত দায়িত্ববান এবং হিসেবি মানুষ। সুনীলের কথায়, অহান কখনওই প্রযোজকের টাকার অপব্যবহার করতে পারে না। তাঁর দাবি, কেউ নিজের ব্যর্থতা বা দুর্বলতা আড়াল করতেই অহানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলছে।নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সুনীল শেট্টী। অভিনেতা জানান, দীর্ঘ কেরিয়ারে তিনি কখনও প্রযোজকের অর্থের অসৎ ব্যবহার করেননি। তাঁর টিমের সদস্যদের জন্যও কড়া নির্দেশ থাকে—ব্যক্তিগত খরচ বা অতিরিক্ত সুবিধার বিল যেন কোনও ভাবেই প্রযোজকের ঘাড়ে না পড়ে। সুনীল বলেন, তিনি নিশ্চিত যে অহানও নিজের টিমকে একই ধরনের নির্দেশ দিয়েছেন।এই ধরনের অভিযোগ অহানের কাজের উপর প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সুনীল। তাঁর মতে, ভিত্তিহীন অভিযোগ কোনও অভিনেতার কেরিয়ারের ক্ষতি করতে পারে, যা তিনি কোনও ভাবেই মেনে নিতে প্রস্তুত নন। ছেলের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে সুনীল শেট্টী স্পষ্ট করে দিয়েছেন, অহানকে নিয়ে ওঠা এই অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই।

