রাতদিন ওয়ায়েডেস্ক : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কলকাতা পুরসভায় নিবাসী শংসাপত্রের আবেদনের সংখ্যা অভূতপূর্ব হারে বেড়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দেড় মাসে সাড়ে ১৪ হাজারেরও বেশি নিবাসী শংসাপত্রের আবেদন জমা পড়েছে। সাধারণ সময়ের তুলনায় এই সংখ্যা নজিরবিহীন বলেই মনে করছেন পুর আধিকারিকেরা।
পুরসভা সূত্রের দাবি, স্বাভাবিক পরিস্থিতিতে মাসে গড়ে ২০০টিরও কম নিবাসী শংসাপত্রের আবেদন জমা পড়ে। সেই জায়গায় দেড় মাসে কয়েক হাজার আবেদন জমা পড়ায় প্রশাসনিক স্তরেও রীতিমতো চমক তৈরি হয়েছে। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে নাগরিকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তারই প্রতিফলন এই আবেদন-বন্যা বলে মনে করছেন পুরকর্তারা।নাগরিকদের যাতে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ায় কোনও সমস্যার মুখে পড়তে না হয়, সে জন্য আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভা-সহ রাজ্যের সমস্ত পুরসভা ও জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী কলকাতা পুরসভার সদর দফতর এবং বিভিন্ন বরো অফিসে নিবাসী শংসাপত্রের আবেদন গ্রহণের জন্য আলাদা ডেস্ক খোলা হয়। এর ফলে আবেদন গ্রহণের গতি যেমন বেড়েছে, তেমনই সাধারণ মানুষের ভিড় সামলানোও তুলনামূলক সহজ হয়েছে বলে জানাচ্ছেন পুর আধিকারিকেরা।পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, জমা পড়া সমস্ত আবেদনপত্র যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কলকাতা সেক্টরের কালেক্টর অফিসে পাঠানো হচ্ছে। সেখানে প্রথমে পুলিশের মাধ্যমে আবেদনকারীর নথি যাচাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডব্লিউবিসিএস স্তরের এক জন আধিকারিক নিবাসী শংসাপত্র অনুমোদন করছেন।পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে শুধুমাত্র এসআইআর সংক্রান্ত প্রয়োজনের ক্ষেত্রেই এই বিপুল সংখ্যক নিবাসী শংসাপত্রের আবেদন গ্রহণ করা হচ্ছে। আগামী দিনে এসআইআর প্রক্রিয়ার গতি ও প্রভাবের উপর নির্ভর করেই এই আবেদনের সংখ্যা বাড়বে না কমবে, তা স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

