রাতদিন ওয়েবডেস্ক : এস এস রাজামৌলীর বহু প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’ ঘিরে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে। প্রায় ১৪০০ কোটি টাকার বিশাল বাজেটের এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকের মধ্যে সাড়া পড়েছে। ছবিতে প্রিয়ঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। দু’জনেরই পারিশ্রমিক আকাশছোঁয়া বলে শোনা যাচ্ছে।দীর্ঘ দিন পর ফের ভারতীয় ছবিতে অভিনয় করছেন প্রিয়ঙ্কা। হলিউডে কাজের ব্যস্ততার মাঝেই রাজামৌলীর এই মেগা প্রজেক্টে যুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এমন ছবিতে তিনি আগে কখনও কাজ করেননি।
তাঁর কথায়, “আমরা আন্টার্কটিকা পর্যন্ত ভ্রমণ করেছি শুটিংয়ের জন্য। রাজামৌলী যে দুনিয়া তৈরি করেন, তা সত্যিই অভূতপূর্ব। ওঁর মতো দৃষ্টিভঙ্গি খুব কম পরিচালকেরই আছে। আমিও এই ছবি দেখার জন্য মুখিয়ে আছি।”তবে ছবিতে অভিনয়ের আগে একটি বিশেষ শর্ত রেখেছিলেন প্রিয়ঙ্কা। ‘দেশি গার্ল’ কিংবা ‘রাম চাহে লীলা চাহে’র মতো গানে তাঁর নাচ দর্শকদের মুগ্ধ করেছিল। তাই ‘বারাণসী’তেও একটি জমকালো নাচের গান রাখার অনুরোধ জানান তিনি। প্রিয়ঙ্কা হাসতে হাসতেই বলেন, “আমি রাজামৌলীকে বলেছিলাম, আমি ভারতে ফিরছি, আমার জন্য একটা নাচের গান রাখতেই হবে। আমাকে নাচাতেই হবে!” জানা গিয়েছে, ছবিতে একটি বিশেষ নাচের গান রাখা হয়েছে, যদিও তার শুটিং এখনও বাকি। অন্য একটি গানের দৃশ্যের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তার কোরিয়োগ্রাফি নিয়েও উচ্ছ্বসিত অভিনেত্রী।পারিশ্রমিক নিয়েও জোর জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, এই ছবির জন্য প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়ঙ্কা। অন্য দিকে মহেশ বাবুর সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে এবং তিনি বছরে প্রায় ৫০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলে খবর। সব মিলিয়ে বিপুল বাজেট, আন্তর্জাতিক লোকেশন, তারকা কাস্ট এবং রাজামৌলীর ভিশন সব কিছু মিলিয়ে ‘বারাণসী’ এখন থেকেই বছরের অন্যতম বড় চর্চিত ছবি হয়ে উঠেছে। দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে।

