রাতদিন ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর-সহ পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করতে হবে। এই মর্মে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নির্দেশ দিয়েছে আদালত।২০২৪ সালের নিয়োগ বিধি অনুযায়ী রাজ্য সরকার কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং গত বছরের ডিসেম্বরে উত্তীর্ণদের তালিকাও প্রকাশিত হয়।
সেই অনুযায়ী ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে অভিযোগ ওঠে, নিয়ম মেনে সম্পূর্ণ মেধাতালিকা বিশেষ করে প্রাপ্ত নম্বর-সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই নিয়েই আদালতের দ্বারস্থ হন কয়েকজন চাকরিপ্রার্থী।অন্য দিকে, নিয়োগ প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষার সময় উচ্চতা মাপা নিয়ে গণ্ডগোলের অভিযোগও সামনে এসেছে। আবেদনকারী আমানা খাতুন, তসলিমা নাসরিন-সহ মোট ১৫ জন পরীক্ষার্থী দাবি করেন, তাঁদের উচ্চতা ভুলভাবে কম দেখানো হয়েছে। অভিযোগ, ইন্টারভিউয়ে ডাক পাওয়ার কথা থাকলেও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে উচ্চতা কম দেখানোর জেরে তাঁরা তালিকা থেকে বাদ পড়েন।আবেদনকারীদের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক ও অস্মিতা মিত্র আদালতে জানান, তাঁদের মক্কেলরা নির্ধারিত মানদণ্ডের চেয়েও বেশি উচ্চতার অধিকারী। আগের মেডিক্যাল রিপোর্ট ও পূর্ববর্তী পরীক্ষার নথিতেও সেই তথ্য রয়েছে। কিন্তু বর্তমান নিয়োগ প্রক্রিয়ার স্বাস্থ্য পরীক্ষায় তাঁদের উচ্চতা কম মাপা হয়েছে বলে অভিযোগ। আইনজীবীদের বক্তব্য, উচ্চতা স্বাভাবিক নিয়মে কমে যাওয়ার কথা নয়; ফলে মাপজোখে ত্রুটি বা অন্য কোনও গণ্ডগোল থাকতে পারে।এই প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দেন, আবেদনকারীরা যেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আনুষ্ঠানিক আবেদন জানাতে পারেন। সেই আবেদন গ্রহণ করে এক সপ্তাহের মধ্যে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে।আদালতের এই নির্দেশে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে বলে মনে করছে আইন মহল। এখন দেখার, বোর্ড কীভাবে নির্দেশ কার্যকর করে এবং বিতর্কিত প্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি হয় কি না।

