রাতদিন ওয়েবডেস্ক : আনন্দপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বারাকপুরের আনন্দপুরীতে এক কর্মী সম্মেলন থেকে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশ্বাস দেন ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে এই ঘটনায় দোষীরা শাস্তি পাবেই।
তাঁর অভিযোগ, রাজ্যের শাসক দলের দুর্নীতির ফলেই এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।বক্তব্যের শুরুতেই শাহ নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারের পাশে থাকার বার্তা দেন। এরপরই চাঁচাছোলা ভাষায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। শাহের দাবি, এত মানুষের মৃত্যু ও বহু নিখোঁজ থাকার পরও কেন এখনও মোমো প্রস্তুতকারী সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়নি, তার কোনও জবাব নেই প্রশাসনের কাছে। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই অভিযুক্তকে আড়াল করা হচ্ছে।সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ছবি তুলে ধরে শাহ বলেন, ওই সংস্থার মালিক মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন। সেই কারণেই কি রাজ্য সরকার নীরব এমন প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি আরও কড়া মন্তব্য করে শাহ বলেন, “যদি নিহতরা অনুপ্রবেশকারী হতেন, তাহলেও কি সরকারের অবস্থান এমনই থাকত?” গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে বিচারবিভাগীয় তদন্তেরও দাবি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।উল্লেখ্য, গত রবিবার রাতে আনন্দপুরের নাজিরাবাদের কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় গোটা এলাকা। বর্তমানে সেখানে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নেই। এখনও প্রিয়জনের খোঁজে দিন কাটছে নিখোঁজ শ্রমিকদের পরিবারের। উদ্ধার হওয়া ২৫টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে শীঘ্রই ডিএনএ পরীক্ষার কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।অন্যদিকে, ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পরে মোমো প্রস্তুতকারী সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে। সোশাল মিডিয়ায় দেওয়া সেই পোস্টে সংস্থার তরফে দায় চাপানো হয়েছে পাশের গুদামের উপর। যদিও নিহত তিন কর্মীর পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছে ওই সংস্থা।

