রাতদিন ওয়েবডেস্ক : এফএ কাপের তৃতীয় রাউন্ডে কার্যত একতরফা প্রদর্শনী করল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার তৃতীয় ডিভিশনের ক্লাব এক্সেটার সিটির বিরুদ্ধে খেলতে নেমে পেপ গুয়ার্দিওলার দল ১০ গোল করে ম্যাচ জিতে নেয়। একাধিক প্রথম একাদশের ফুটবলারকে বিশ্রামে রেখেও আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে কার্যত ধরাশায়ী করে দেয় সিটি।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে সম্পূর্ণ আধিপত্য বজায় রাখে তারা।খেলার ১২ মিনিটেই ম্যাক্স অ্যালেন গোল করে দলকে এগিয়ে দেন। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রি। এরপর এক্সেটারের রক্ষণে চরম বিশৃঙ্খলা দেখা যায়। জ্যাক ডয়েল হায়েস ও জ্যাক ফিৎজ়ওয়াটারের আত্মঘাতী গোলে বিরতির আগেই ৪-০ এগিয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই গোলের বন্যা নামে। ৪৯ মিনিটে রিকো লুইস নিজের প্রথম গোলটি করেন। পাঁচ মিনিট পরেই নতুন ক্লাবে যোগ দেওয়া আঁতোয়া সেমেনিয়ো গোল করে জানান দেন নিজের উপস্থিতি। বোর্নমাউথ থেকে আসার মাত্র তিন দিনের মধ্যেই গোল ও অ্যাসিস্ট করে নজর কাড়েন তিনি।এরপর টিয়ানি রেইন্ডার্স সিটির সপ্তম গোলটি করেন।
ম্যাচের শেষ দিকে নিকো ও’রিলি, রায়ান ম্যাকআইডু এবং আবারও রিকো লুইস একের পর এক গোল করে স্কোরলাইন পৌঁছে দেন ১০-এ। লুইস জোড়া গোল করেন, সেমেনিয়ো করেন একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট।অন্য দিকে, একই দিনে বড় অঘটনের সাক্ষী থাকে এফএ কাপ। গত মরসুমের চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস তৃতীয় রাউন্ডেই ছিটকে যায়। ষষ্ঠ ডিভিশনের ক্লাব ম্যাকলসফিল্ডের কাছে ১-২ গোলে হেরে যায় প্যালেস। ম্যাকলসফিল্ডের হয়ে গোল করেন পল ডসন ও ইসাক বাকলি-রিকেটস। প্যালেসের হয়ে একমাত্র গোলটি করেন ইয়েরেমি পিনো।এই হারে ক্ষুব্ধ প্যালেস কোচ অলিভার গ্লাসনার। ম্যাচের পর তিনি স্পষ্ট ভাষায় জানান, “এই ধরনের পারফরম্যান্স কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।”
