রাতদিন ওয়েবডেস্ক : উনিশ বছর পর পর্দায় ফিরছে ইমরান হাশমির কাল্ট ক্লাসিক ছবি ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল। ছবিটিকে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে থাকলেও, সম্প্রতি এর মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া নিয়ে দানা বেঁধেছিল নানা জল্পনা। শোনা যাচ্ছিল, অন্য বড় বাজেটের ছবি ‘ধুরন্ধর’-এর সঙ্গে সংঘাত এড়াতেই নাকি এই সিদ্ধান্ত।
তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে আসল কারণ খোলসা করলেন প্রযোজক মুকেশ ভাট।পরিচালক ও প্রযোজক মুকেশ ভাট স্পষ্ট জানিয়েছেন, কোনো ছবির ভয়ে নয়, বরং ছবির নায়ক ইমরান হাশমির শারীরিক অসুস্থতা ও আসন্ন অস্ত্রোপচারের কারণেই মুক্তি পেছানো হয়েছে।অস্ত্রোপচার ও গত ডিসেম্বরে রাজস্থানে শুটিং চলাকালীন উঁচুতে একটি দৃশ্যের কাজ করতে গিয়ে পেটে মারাত্মক চোট পান ইমরান। এতে তার পেটের পেশি ছিঁড়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। দ্রুত সুস্থ হতে তার একটি অস্ত্রোপচার প্রয়োজন, যার পর অন্তত ৪৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।
ছবির বেশিরভাগ কাজ শেষ হলেও কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং এখনো বাকি। ইমরানের শারীরিক অবস্থার কারণে এই মুহূর্তে সেই ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোর শুটিং করা সম্ভব নয়।আগে ছবিটি ১৩ এপ্রিল মুক্তির কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে মে অথবা জুন মাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।চোট পাওয়ার পর প্রাথমিক চিকিৎসার পরেই ইমরান শুটিং ফ্লোরে ফিরেছিলেন যাতে কাজের কোনো ক্ষতি না হয়। কিন্তু সুস্থভাবে অ্যাকশন দৃশ্য সম্পন্ন করার স্বার্থেই শেষ পর্যন্ত বিরতি নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। মুকেশ ভাটের কথায়, "ইমরান সুস্থ হয়ে ফিরলেই আমরা বাকি শুটিং শেষ করব। কোনো ছবির ভয়ে পিছিয়ে যাওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।"
