রাতদিন ওয়েবডেস্ক : সম্প্রতি ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ‘গ্রোক’ ব্যবহার করে নারীদের অনুমতিহীন নগ্ন ও অশ্লীল ছবি তৈরির অভিযোগ ওঠে, যা নিয়ে তীব্র আপত্তি জানায় ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। অভিযোগ ছিল, গ্রোক-এর এআই প্রযুক্তি ব্যবহার করে যৌন উস্কানিমূলক বিষয়বস্তু তৈরি ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় সরকার গত ৭ জানুয়ারির মধ্যে এক্স কর্তৃপক্ষকে এই অপব্যবহার রোধে গৃহীত পদক্ষেপের বিশদ তালিকা জমা দেওয়ার কড়া নির্দেশ দেয়, অন্যথায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে এক্স এই দায় এড়িয়ে দাবি করেছিল যে ব্যবহারকারীরা স্বেচ্ছায় এ ধরনের ছবি তৈরির নির্দেশ দিয়েছেন, এমনকি মাস্ক নিজেও একটি বিকিনি পরিহিত ছবি পোস্ট করে বিতর্কে ঘি ঢালেন। তবে ভারত সরকারের অনড় অবস্থানের মুখে নতি স্বীকার করে মাস্কের সংস্থা ভারতের তথ্যপ্রযুক্তি আইন মেনে চলার প্রতিশ্রুতি দেয়। সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, এই বিতর্কের জেরে এক্স প্রায় ৩,৫০০টি আপত্তিকর পোস্ট ব্লক করেছে এবং অন্তত ৬০০টি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করে দিয়েছে। এক্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও সরকারি সূত্র মারফত জানা গেছে যে, সংস্থাটি তাদের ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে ভারতীয় আইনের পরিপন্থী কোনো অশ্লীল বা আপত্তিকর বিষয়বস্তু প্ল্যাটফর্মে না রাখার অঙ্গীকার করেছে। ভারতের মতো বড় বাজার এবং দেশের কঠোর সাইবার নিরাপত্তা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই শেষ পর্যন্ত এই প্রযুক্তি জায়ান্ট বড় ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে
