রাতদিন ওয়েবডেস্ক : রবিবাসরীয় সকালেই টলিপাড়ায় এল এক আনন্দ সংবাদ। প্রথম সন্তানের জন্ম দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা রাজারহাট-গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ সকাল ১০টা নাগাদ এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা এবং নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।
এই খবরে খুশির হাওয়া বইছে গায়িকার পরিবার ও অনুরাগী মহলে।২০১৮ সালে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় কীর্তন শিল্পী অদিতি। বিয়ের কয়েক বছর পর এবার তাঁদের কোল আলো করে এল নতুন সদস্য। রাজনৈতিক দায়বদ্ধতা এবং গানের জগত দুই ক্ষেত্রেই সমানভাবে সফল এই দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তটিকে আড়ালেই রাখতে চেয়েছিলেন। অদিতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, তবে তাঁরা দুজনেই উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। সম্প্রতি একটি রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে দেখা গিয়েছিল তাঁকে, যার পরেই তিনি মাতৃত্বকালীন বিরতিতে যান। অদিতির মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ার বয়ে যাচ্ছে। ভক্ত থেকে শুরু করে সহকর্মীরা নতুন অতিথিকে স্বাগত জানাচ্ছেন। আপাতত কিছুদিন রাজনীতির ময়দান এবং গানের মঞ্চ থেকে দূরে থেকে চিকিৎসকদের পরামর্শ মেনে পূর্ণ বিশ্রামে থাকবেন বিধায়ক-গায়িকা।
