রাতদিন ওয়েবডেস্ক : উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে আর বেশি সময় নেই। সূত্রের খবর, চলতি সপ্তাহেই দু’দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। তার পরের দিন, অর্থাৎ ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে প্রশাসনিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের মানুষদের পাশে দাঁড়াতে একাধিকবার সেখানে যান মুখ্যমন্ত্রী। সেই সফরের মধ্যেই তিনি দার্জিলিঙের ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে পুজো দেন। এরপরই শিলিগুড়িতে বাংলার সব থেকে বড় মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টারের পাশেই এই মন্দির গড়ে তোলা হবে এবং সেখানে বৃহৎ আকারের শিবমূর্তি স্থাপন করা হবে। মন্দির নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি রাজ্য সরকার বিনামূল্যেই দেবে বলেও জানিয়েছিলেন তিনি। গত ডিসেম্বর মাসে নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস করা হবে। যদিও কিছু প্রশাসনিক প্রস্তুতির কারণে সেই সময়সূচিতে সামান্য পরিবর্তন হয়েছে। দ্বিতীয় সপ্তাহের বদলে জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে।
উল্লেখযোগ্যভাবে, দিঘায় জগন্নাথদেবের মন্দির নির্মাণের পর দুর্গা অঙ্গন এবং মহাকাল মন্দির— রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গা অঙ্গনের কাজ আগামী দু’বছরের মধ্যেই শেষ হবে। একইভাবে মহাকাল মন্দিরের শিলান্যাসের পর দ্রুতগতিতে নির্মাণকাজ শুরু করা হবে। শিলিগুড়িতে এই মহাকাল মন্দির নির্মিত হলে তা উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে একটি নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন মহল।
