রাতদিন ওয়েবডেস্ক : রবিবার সন্ধ্যায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে চরম দুর্ভোগের মুখে পড়লেন সাধারণ যাত্রীরা। সন্ধ্যা ৬টা ৩২ মিনিট নাগাদ নেতাজি ভবন স্টেশনে একটি চলন্ত ট্রেনের সামনে এক ব্যক্তি ঝাঁপ দিলে মুহূর্তের মধ্যে থমকে যায় পরিষেবা।
দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন মেট্রো কর্মীরা। এই ঘটনার জেরে আপ ও ডাউন উভয় লাইনেই দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে যাত্রীদের সুবিধার্থে পরিষেবা পুরোপুরি বন্ধ না রেখে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক বা 'কাট সার্ভিস' চালানো হয়। প্রায় এক ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর, সন্ধ্যা ৭টা ২২ মিনিট নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে ফের সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হয়।
উল্লেখ্য যে, এই একই স্টেশনে মাত্র দুই সপ্তাহ আগেও এক যাত্রী আত্মঘাতী হয়েছিলেন। বারবার এই ধরনের ঘটনা রোধ করতে মেট্রো কর্তৃপক্ষ কালীঘাটের মতো স্টেশনে গার্ডরেল বসানোর মতো বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিলেও আত্মহত্যার প্রবণতা আটকানো যাচ্ছে না। বিশেষ করে ব্লু লাইনে বারবার ফিরে আসা এই মৃত্যুমিছিল যাত্রী সুরক্ষা এবং মেট্রো রেলের পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। সন্ধ্যার ব্যস্ত সময়ে এই নজিরবিহীন বিভ্রাটের ফলে সাধারণ মানুষকে গন্তব্যে পৌঁছাতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়।
