রাতদিন ওয়েবডেস্ক : বিধাননগর তথা সল্টলেকের ট্র্যাফিক ব্যবস্থাকে আরও গতিশীল ও মসৃণ করতে কেষ্টপুর খালের উপর নির্মিত হচ্ছে তৃতীয় বেলি সেতু। গত অগস্ট মাস থেকে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMDA এই প্রকল্পের কাজ শুরু করেছিল, যা বর্তমানে তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সল্টলেকের AA ব্লকের কাছে খালের ওপর গত দু’দিন ধরে সেতুর মূল লোহার কাঠামো বসানোর কাজ পুরোদমে চলছে। পুলিশ ও প্রকৌশলী সূত্রে খবর, খালের উপরের মূল অংশটি তৈরি করতে আরও দিন পনেরো সময় লাগতে পারে, যার পরেই সংযোগকারী রাস্তা বা অ্যাপ্রোচ রোড তৈরির কাজ শুরু হবে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ অথবা আগামী মাসের শুরুতেই এই সেতুটি সাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা করছে বিধাননগর পুলিশ। ৪২ মিটার দীর্ঘ এবং ৭.৫ মিটার প্রশস্ত এই বেলি সেতুটি সল্টলেক থেকে সরাসরি ভিআইপি রোডের দক্ষিণদাঁড়ি অঞ্চলকে সংযুক্ত করবে। বর্তমানে কেষ্টপুর খালের উপর দুটি সেতু কার্যকর রয়েছে একটি মিশন বাজারের কাছে যা রাজারহাট নিউ টাউনের সঙ্গে সংযোগ রক্ষা করে এবং অন্যটি লেক টাউনে যা মূলত ভিআইপি রোড থেকে সল্টলেকে প্রবেশের জন্য ব্যবহৃত হয়।
তবে নতুন এই সেতুটি চালু হলে সল্টলেক এবং ভিআইপি রোডের মধ্যে দ্বিমুখী যান চলাচল অনেক সহজতর হবে। বিধাননগর ট্র্যাফিক পুলিশের মতে, এই সেতুটি চালু হলে উল্টোডাঙার দিকে ভিআইপি রোডের ওপর যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশেষ করে ব্যস্ত সময়ে সল্টলেকের পিএনবি মোড় এবং ২ নম্বর গেট সংলগ্ন রাস্তায় যে তীব্র যানজটের সৃষ্টি হয়, তা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এছাড়া, সেক্টর ফাইভ এবং সল্টলেকের অফিসযাত্রীদের আর উল্টোডাঙা উড়ালপুল বা সিএ আইল্যান্ড হয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে না, ফলে সামগ্রিকভাবে যাতায়াতের সময় কমবে। প্রতিদিন বাড়তে থাকা যানবাহনের চাপ সামলাতে এই বিকল্প রুটটি বিধাননগরের পরিবহণ পরিকাঠামোয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
