রাতদিন ওয়েবডেস্ক : ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিং ব্যবস্থা আইআরসিটিসি (IRCTC)-তে আজ থেকে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। মূলত ভুয়ো অ্যাকাউন্ট এবং মধ্যস্থতাকারীদের দাপট কমাতেই এই কড়া পদক্ষেপ। রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, আজ ১২ই জানুয়ারি থেকে সংরক্ষিত টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার যাচাইকরণ বা ‘আধার লিঙ্কিং’ বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে লক্ষ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট ব্লক করার পর, এবার সরাসরি বুকিংয়ের সময়েই নিয়ন্ত্রণ আনতে চাইছে রেল কর্তৃপক্ষ। এর ফলে যারা নিজেদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করেননি, তারা বিশেষ কিছু সময়ে টিকিট বুক করার সুযোগ হারাবেন।
নতুন নিয়ম অনুযায়ী, অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম দিনে (ভ্রমণের ৬০ দিন আগে) বড় পরিবর্তন আনা হয়েছে। যাদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত নেই, তারা বুকিং শুরুর দিন সকাল ৮টা থেকে রাত ১২টার মধ্যে কোনো টিকিট বুক করতে পারবেন না। অর্থাৎ, যারা আধার যাচাইকৃত ব্যবহারকারী নন, তাদের টিকিট কাটার জন্য রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে এই নিয়মটি বুকিং শুরুর প্রথম ১৫ মিনিট বা বিকেল ৪টে পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও, এখন থেকে উদ্বোধনের পুরো দিনটিই আধার কার্ডহীন ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ করে দেওয়া হলো।
তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কড়াকড়ি শুধুমাত্র অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিন এবং আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমেই প্রযোজ্য হবে। সাধারণ যাত্রীদের জন্য স্বস্তির খবর হলো, রেলওয়ে স্টেশনের কাউন্টারে টিকিট কাটার ক্ষেত্রে এই নিয়মের কোনো প্রভাব পড়বে না। কাউন্টার থেকে টিকিট বুক করার জন্য আগের মতোই কোনো আধার যাচাইকরণের প্রয়োজন নেই। মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে দালাল চক্র রুখতেই এই প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা আনছে রেল প্রশাসন। যাত্রীদের দ্রুত টিকিট পাওয়ার সুবিধার্থে এখনই আইআরসিটিসি প্রোফাইলে আধার লিঙ্ক করার পরামর্শ দেওয়া হচ্ছে।
