Type Here to Get Search Results !

Bhabanipur : ভবানীপুরে দোল খেললেন শুভেন্দু, জল্পনায় প্রার্থী হওয়ার ইঙ্গিত

রাতদিন ওয়েবডেস্ক : ভবানীপুর-এ আবারও দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-র বিধানসভা কেন্দ্রে হাজির হয়ে দোল উৎসব পালন করলেন তিনি। সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক। রাজনৈতিক মহলে এই উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। দোলের আবহে শুভেন্দু বলেন, “নাস্তিকতা নিপাত যাক। সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে এই প্রার্থনা করব।” সকলকে দোলের শুভেচ্ছা জানানোর পর ‘গোরা গোরা গৌরাঙ্গ’ গান ধরেন তিনি। পাশাপাশি শ্লোগান ওঠে, “হিন্দু-হিন্দু ভাই-ভাই।” 

উৎসবের আবহেই তাঁর এই মন্তব্য রাজনৈতিক তাৎপর্য বাড়িয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিক বার ভবানীপুরে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর এই কেন্দ্রে সম্প্রতি একটি ‘ওয়ার রুম’ও গঠন করেছেন তিনি। নিয়মিত বৈঠক, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ সব মিলিয়ে এই কেন্দ্রে তাঁর সক্রিয়তা চোখে পড়ার মতো। ফলে প্রশ্ন উঠছে, তবে কি আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেই প্রার্থী হতে চলেছেন শুভেন্দু? রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বারবার যাতায়াত, সাংগঠনিক জোরদার প্রস্তুতি এবং উৎসবের দিন উপস্থিতি সবই একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। বিজেপি নেতৃত্বের ধারণা, আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই পরিস্থিতিতে তাঁকে কড়া চ্যালেঞ্জ জানাতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলনেতা। 

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করেন। নন্দীগ্রামে তিনি পরাজিত হলেও পরবর্তীতে ভবানীপুরের উপনির্বাচনে জয়ী হয়ে সাংবিধানিক শর্ত পূরণ করে মুখ্যমন্ত্রী পদে বহাল থাকেন। সেই রাজনৈতিক পর্ব এখনও রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এই প্রেক্ষাপটে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভবানীপুরে শুভেন্দুর বাড়তি সক্রিয়তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রায় প্রতি সপ্তাহেই তিনি এই কেন্দ্রে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ফলে জল্পনা আরও জোরালো হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘাঁটিতেই কি সরাসরি লড়াইয়ে নামতে চলেছেন বিরোধী দলনেতা? বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে ‘হাই ভোল্টেজ’ আবহ তৈরি হচ্ছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ভবানীপুর কেন্দ্র ঘিরে আগামী দিনে এই রাজনৈতিক লড়াই কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad