রাতদিন ওয়েবডেস্ক : মরসুমের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে খেলেননি লিয়োনেল মেসি। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই দলে ফিরে নিজের জাদু দেখাতে শুরু করেছেন তিনি। পর পর দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইন্টার মায়ামি। আবারও গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দিলেন মেসি।
ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ ছিল মায়ামির। ওয়াশিংটনে নিজেদের ছোট মাঠের বদলে বাল্টিমোর র্যাভেনসের মাঠে ম্যাচ আয়োজন করেছিল ডিসি। সেই মাঠে প্রায় ৭২ হাজারের বেশি দর্শক বসে খেলা দেখতে পারেন। মূল উদ্দেশ্য ছিল দর্শক সমর্থনের চাপ তৈরি করা। কিন্তু সেই পরিকল্পনা কাজে লাগাতে পারেনি ডিসি ইউনাইটেড। উল্টে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মায়ামি।ম্যাচের ১৭ মিনিটের মাথায় এগিয়ে যায় ইন্টার মায়ামি। গোল করেন আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি’পল। এর ঠিক ১০ মিনিট পর ব্যবধান বাড়ান মেসি নিজেই। তাঁর দুরন্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।ম্যাচের ৭৫ মিনিটে একটি গোল শোধ করে ডিসি ইউনাইটেড। তবে তাতেও ম্যাচের ফল বদলায়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে মায়ামি। তিন ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। শীর্ষে থাকা নিউ ইয়র্ক সিটির থেকে মাত্র ১ পয়েন্ট কম রয়েছে তাদের। যদিও লিগের শুরুতেই অবস্থান বদলাতে পারে, কারণ এখনও অনেক ম্যাচ বাকি।এরই মধ্যে কয়েক দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন লিয়োনেল মেসি।
গত মরসুমে এমএলএস কাপ জেতার সুবাদে ইন্টার মায়ামি দলকে হোয়াইট হাউসে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসিও।অনুষ্ঠানে মেসি কোনও বক্তব্য না রাখলেও ট্রাম্প প্রায় ২৫ মিনিট ধরে ভাষণ দেন। তিনি বলেন, “আমরা আজ সত্যিকারের প্রতিভাবানদের সম্মান জানাচ্ছি। অতীতে আমেরিকার কোনও প্রেসিডেন্ট যে কথা বলেননি, আমি আজ তা বলছি হোয়াইট হাউসে স্বাগত লিয়োনেল মেসি।”নিজের ছেলে ব্যারনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আজ সকালে আমার ছেলে আমাকে বলছিল— বাবা, জানো হোয়াইট হাউসে কে আসছে? আমি বললাম জানি না। তখন সে বলল, মেসি আসছে।”ট্রাম্পের এই কথায় মেসি-সহ উপস্থিত সকলে হেসে ওঠেন। এরপর ট্রাম্প বলেন, “ও তোমার খুব বড় সমর্থক। ও মনে করে তুমি একজন অসাধারণ মানুষ। ও ফুটবলের ভক্ত, আর তোমার আরও বড় ভক্ত। তবে রোনাল্ডো নামের একজন ভদ্রলোকও আছেন। ক্রিশ্চিয়ানোও দারুণ মানুষ। তুমিও দারুণ মানুষ।”উল্লেখ্য, কিছু দিন আগেই সৌদি আরব সরকারের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে এসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
