রাতদিন ওয়েবডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি যখন প্রথম প্রকাশিত হয়েছিল, ১ মার্চ ইডেন গার্ডেন্সে ভারতের ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। সমর্থকরা আশা করেছিলেন, ততক্ষণে সেমিফাইনাল নিশ্চিত করে খোলামনে কলকাতায় পা রাখবে সূর্যকুমার যাদবের দল। কিন্তু পরিস্থিতির ফেরে এই ম্যাচটিই এখন ভারতের জন্য অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে হার ভারতকে যে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল, জিম্বাবুয়ের বিরুদ্ধে দাপুটে জয় সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিলেও দুশ্চিন্তা পুরোপুরি কাটেনি।
যদিও প্রোটিয়াদের হাতে ওয়েস্ট ইন্ডিজের পরাজয় রান রেটের দিক থেকে ভারতকে স্বস্তি দিয়েছে, তবুও রবিবার ক্যারিবিয়ানদের হারাতে না পারলে সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হতে পারে। এই হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের মূল চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই ক্রিকেটার সঞ্জু স্যামসন এবং বরুণ চক্রবর্তী। জিম্বাবুয়ে ম্যাচে অভিষেক শর্মার বিধ্বংসী অর্ধশতরান এবং ঈশান কিশন, তিলক বর্মা ও সূর্যকুমারের ফর্মে থাকা ব্যাটিং বিভাগকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ঠিকই, কিন্তু সঞ্জু স্যামসনের ব্যাটে বড় রানের খরা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলছে। অন্যদিকে, বোলিং বিভাগে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলম্বোর মন্থর উইকেটে তিনি সফল হলেও, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে পেস সহায়ক পিচে তিনি বেশ খরুচে প্রমাণিত হয়েছেন।
বিশেষ করে লাইন ও লেংথ নিয়ে তাঁর দ্বিধা প্রতিপক্ষ ব্যাটারদের সুবিধা করে দিচ্ছে। এই পরিস্থিতিতে ইডেনের পরিচিত মাঠে বরুণকে রাখা হবে নাকি অভিজ্ঞ কুলদীপ যাদবকে ফিরিয়ে আনা হবে, সেটাই এখন দেখার। এছাড়া অলরাউন্ডার শিবম দুবের বোলিং পারফরম্যান্সও আতসকাচের নিচে রয়েছে; গত ম্যাচে তাঁর অতিরিক্ত রান ও নো-বল দেওয়ার প্রবণতা দলের ভারসাম্য নষ্ট করতে পারে। ইডেনের ঘাসযুক্ত পিচে জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ এবং হার্দিক পান্ডিয়া শুরুতে সুবিধা পেলেও, শিশির ফ্যাক্টর ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। উল্টোদিকে, ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। যদিও দক্ষিণ আফ্রিকার কাছে তাদের অশ্বমেধের ঘোড়া থেমেছে, কিন্তু ইডেনের পরিবেশে ইতিমধ্যে দুটি ম্যাচ জিতে তারা ভারতের চেয়ে মানসিক সুবিধায় এগিয়ে আছে। টি-টোয়েন্টি ফরম্যাটের ফেরিওয়ালাদের নিয়ে গড়া এই উইন্ডিজ বাহিনী যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে দক্ষ। ফলে গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত শেষ পর্যন্ত কী রণকৌশল নিয়ে মাঠে নামে এবং ঘরের মাঠে স্নায়ুর লড়াই জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

