রাতদিন ওয়েবডেস্ক : দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। সঙ্গে রয়েছে হালকা শীতের আমেজ। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির শুরুতেই কলকাতা ও সংলগ্ন এলাকায় ফের কিছুটা নামল তাপমাত্রা। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে যাওয়ায় শীত কি আবার বাড়বে তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। এর আগে শুক্রবার শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। শনিবার তা কমে দাঁড়ায় ১৬.২ ডিগ্রিতে। এক দিনের ব্যবধানে পারদের এমন পতনে শীতের বিদায়বেলায় ফের কামব্যাকের ইঙ্গিত মিলছে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।তবে আবহবিদেরা জানাচ্ছেন, তাপমাত্রা কিছুটা কমলেও কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা আপাতত খুবই কম। মাঘ মাস শেষ হতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও শীতের দাপট নতুন করে বাড়ার কোনও জোরালো ইঙ্গিত নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও দিনের বেলায় রোদেলা আবহাওয়াই থাকবে বলে পূর্বাভাস।অন্য দিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এখনও ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং কোচবিহার এলাকায় সকালের দিকে দৃশ্যমানতা কমতে পারে। দক্ষিণবঙ্গের কিছু অংশেও ভোরের দিকে কুয়াশার প্রভাব দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সব মিলিয়ে ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা সামান্য কমলেও শীতের জাঁকিয়ে ফেরা আপাতত অনিশ্চিত। দিনের বেলা পরিষ্কার আকাশ আর শুষ্ক আবহাওয়াতেই কাটবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা।

