রাতদিন ওয়েবডেস্ক : মহারাষ্ট্রের পুণে শহরের এক জনাকীর্ণ বাজার এলাকায় অবৈধ পার্কিংকে কেন্দ্র করে ঘটল অদ্ভুত ঘটনা। স্কুটার বাজেয়াপ্ত করতে এসে মালিকের অভিনব প্রতিবাদের মুখে পড়ল ট্রাফিক পুলিশ। শেষ পর্যন্ত মালিক-সহ স্কুটারটিকেই ক্রেন দিয়ে শূন্যে তুলে সরাতে হয়। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে তা ভাইরাল হয়েছে।সংবাদ প্রতিবেদন অনুযায়ী, পুণের একটি ব্যস্ত বাজারে নিয়ম ভেঙে স্কুটারটি রেখে চলে যান এক ব্যক্তি। নিয়মিত তল্লাশির সময় ট্রাফিক পুলিশের নজরে পড়ে সেটি। অবৈধ ভাবে পার্ক করা বাহন সরাতে গেলে সেখানে হাজির হন স্কুটারমালিক। পুলিশ যখন স্কুটারটি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয়, তখনই প্রতিবাদে অদ্ভুত পন্থা নেন তিনি।
ভিডিয়ো ফুটেজে দেখা যায়, পুলিশ ক্রেন এনে স্কুটারটি তুলতে শুরু করেছে। কিন্তু স্কুটার থেকে নামতে অস্বীকার করেন মালিক। উল্টে তিনি স্কুটারের উপরেই চেপে বসে থাকেন। তাতেও থামেনি পুলিশি পদক্ষেপ। ক্রেনের সাহায্যে স্কুটারটিকে মাটি থেকে কয়েক ফুট উপরে তোলা হয়, আর সেই অবস্থাতেই বাহনের উপর বসে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। সাদা রঙের স্কুটারটি শূন্যে ঝুলছে, আর মালিক তাতে আসীন এমন দৃশ্য দেখে আশপাশের মানুষ হতবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে বাজার এলাকায় ভিড় জমে যায়।পরিস্থিতি সামাল দিতে উপায়ান্তর না দেখে পুলিশ মালিক-সহ স্কুটারটিকেই সরিয়ে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনায় কারও আঘাত লাগেনি বলেই প্রাথমিক ভাবে জানা গেছে। তবে নিয়ম ভঙ্গের দায়ে ওই ব্যক্তির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমের ‘এক্স’ প্ল্যাটফর্মে ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। অল্প সময়ের মধ্যেই কয়েক হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকেরা নানা রকম মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। কেউ লিখেছেন, “খাঁটি নাগরিকের পুরস্কার পাওয়া উচিত ওঁর।” আবার এক জনের মন্তব্য, “এটি স্কুটার নয়, এ তাঁর প্রিয়তমা!”অবৈধ পার্কিং রুখতে পুলিশের কড়া পদক্ষেপ নতুন নয়। তবে মালিক-সহ বাহনকে শূন্যে তুলে সরানোর এই দৃশ্য অনেকের কাছেই বিরল। ঘটনাটি ঘিরে হাস্যরসের ঝড় উঠলেও, ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

