রাতদিন ওয়েবডেস্ক : রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে এল কল্যাণী বিশ্ববিদ্যালয়। একাধিক বিষয়ে অধ্যাপক ও অতিথি শিক্ষক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি আবেদন প্রক্রিয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।বিজ্ঞপ্তি অনুযায়ী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজ়িক্স, পরিবেশ বিজ্ঞান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং দর্শন এই চারটি বিষয়ে শিক্ষকতা করতে হবে। প্রতিটি বিষয়েই অধ্যাপক এবং অতিথি শিক্ষক দু’ধরনের পদে নিয়োগ করা হবে।
সব মিলিয়ে মোট ২০ জনকে নিয়োগের পরিকল্পনা রয়েছে।বেতন কাঠামোও যথেষ্ট আকর্ষণীয়। অধ্যাপক পদে নিযুক্তদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা পর্যন্ত। অন্য দিকে, অতিথি শিক্ষক পদে নিযুক্তদের মাসিক বেতন ৫৭ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ ১৭ হাজার ২০০ টাকা পর্যন্ত হতে পারে।আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ বছর। তবে পদভেদে ও বিভাগভেদে আরও কিছু যোগ্যতা ও শর্ত রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে হলে প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। হোমপেজ থেকেই সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।উল্লেখ্য, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি ও নির্দেশিকা জানতে আগ্রহীদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (https://klyuniv.ac.in/) দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

