রাতদিন ওয়েবডেস্ক : বরফে ঢাকা হ্রদের মাঝে অসহায় অবস্থায় আটকে পড়া একটি হরিণকে উদ্ধার করার হৃদয়ছোঁয়া ঘটনা সম্প্রতি সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্টিভেন্স কাউন্টি এলাকার লুন হ্রদে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাফাতে লাফাতে বরফজমা হ্রদের উপর চলে গিয়েছিল হরিণটি। কিন্তু হ্রদের মাঝখানে পৌঁছে বুঝতে পারে, বরফ অত্যন্ত পিচ্ছিল। দাঁড়ানোর চেষ্টা করলেই বারবার পা পিছলে পড়ে যাচ্ছিল সে। ভয়ে ও অসহায়তায় চিৎকার শুরু করে দেয় হরিণটি।
সেই সময় হ্রদের পাশ দিয়ে যাচ্ছিলেন এক স্থানীয় বাসিন্দা। হরিণের আর্তনাদ কানে যেতেই তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন।খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। দলের এক তরুণ সাহসিকতার সঙ্গে বরফজমা হ্রদের উপর নামেন। হাতে ছিল স্ট্রেচার ও দড়ি। তরুণকে এগিয়ে আসতে দেখে প্রথমে আরও ভয় পেয়ে যায় হরিণটি। পালানোর চেষ্টা করলেও বারবার পা পিছলে পড়ে যাচ্ছিল সে। ধীরে ধীরে কাছে গিয়ে তরুণ দড়ি দিয়ে হরিণটিকে নিরাপদে বেঁধে ফেলেন। শুরুতে ছটফট করলেও কিছুক্ষণ পর হরিণটি শান্ত হয়ে যায়। যেন বুঝতে পারে, ওই তরুণ তাকে ক্ষতি করতে নয়, বাঁচাতেই এসেছেন।
এরপর তরুণ নিজেই বরফের উপর শুয়ে পড়ে হরিণটিকে জড়িয়ে ধরেন, যাতে সে আর পিছলে না যায়। হ্রদের অন্য প্রান্তে থাকা উদ্ধারকারী দলের সদস্যরা দড়ি ধরে টেনে ধীরে ধীরে দু’জনকেই নিরাপদ জায়গায় তুলে আনেন। সফলভাবে উদ্ধার হয় হরিণটি।এই পুরো ঘটনার ভিডিয়ো ইনস্টাগ্রামে ‘এবিসিনিউজ়’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। নেটিজেনদের একাংশ এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, বিপদে পড়া প্রাণীটিকে দেখে খবর দেওয়া স্থানীয় বাসিন্দা এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলে উদ্ধারকারী তরুণ দু’জনেই প্রকৃত মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

