রাতদিন ওয়েবডেস্ক : ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭:৩০ থেকে এবং চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। নির্বাচনের আগের রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। ভোটকেন্দ্র, দলের কর্মী এবং নেতাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। কোথাও ভোটকেন্দ্রের সামনে বোমা ফাটছে, কোথাও রাজনৈতিক দলের কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে, আবার কোথাও কর্মীদের কোপানো হচ্ছে।রাজশাহীর চারঘাটে বিএনপি কর্মী বিরাজ উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অভিযোগের তির জামাতের দিকে।
চট্টগ্রামের রাউজানে প্রবাসী বিএনপি কর্মীর ফাঁকা বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে জানানো হয়েছে। গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলার চারটি ভোটকেন্দ্রের সামনে বুধবার সন্ধ্যার পর উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, ওই কেন্দ্রগুলিতে দুষ্কৃতীরা হাতবোমা ফাটিয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।জয়পুরহাট-১ আসনের বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি ভোটকেন্দ্রে ব্যালটে সিল দেওয়ার অভিযোগও উঠেছে। বিএনপি দাবি করেছে, এই ঘটনার সঙ্গে নির্বাচন কর্মকর্তা ও জামাতের সমন্বয় রয়েছে। জামাত এই অভিযোগ অস্বীকার করেছে।নির্বাচনের আগে নগদ অর্থ উদ্ধারও চলছেই। ঢাকার বিমানবন্দরে ৭৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে জামাতের ঠাকুরগাঁও ইউনিটের প্রধান বেলাল উদ্দীনের কাছ থেকে। বিএনপি অভিযোগ করেছে, ভোট কেনার জন্য ওই টাকা ব্যবহার করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদের সময় জামাত নেতা অসুস্থ হয়ে পড়েন। ঢাকার সূত্রাপুরে জামাত নেতা মহম্মদ হাবিবকে ভোট কেনার অভিযোগে দু’দিনের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহিদউদ্দীন চৌধুরী অ্যানির ব্যক্তিগত সহকারীর গাড়ি থেকে সেনাবাহিনী ১৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে। দেশের বিভিন্ন প্রান্তে আরও কয়েকটি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে এবং ধরপাকড় চলছে।২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। তবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জামাতের ওপরও কিছু সময়ের জন্য নিষেধাজ্ঞা ছিল। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভোটের কার্যকারিতা ও সাংবিধানিক বৈধতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।নির্বাচনের আগের রাতের এই সহিংসতা এবং নগদ অর্থ উদ্ধারের ঘটনা দেশে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সেনা এবং আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে।

