রাতদিন ওয়েবডেস্ক : দেড় বছর পর সচল আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস দীর্ঘ দেড় বছরের বিরতির পর আবারও চাকার ঘূর্ণনে ফিরেছে আগরতলা-ঢাকা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে ছেড়ে যাওয়া ‘রয়াল মৈত্রী’ পরিবহনের একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে।
বন্ধের পেছনের কারণ ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে পরিষেবাটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও মৈত্রীর ভিত্তিতে পরীক্ষামূলকভাবে পুনরায় যাত্রা শুরু হলো এই আন্তর্জাতিক রুটে।পরীক্ষামূলক সূচনা সংশ্লিষ্ট সূত্র জানায়, আপাতত সপ্তাহে দুই দিন বাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে তা বাড়িয়ে সপ্তাহে তিন দিন নিয়মিত সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে চালক-স্টাফসহ ৯ যাত্রী নিয়ে বাসটি ইমিগ্রেশনে আসে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বাসটি ভারতে প্রবেশ করে।
এর আগে ২০ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে বাসটি ভারতে গিয়ে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরে আসে।যোগাযোগে নতুন গতি পরিবহন ও বন্দরসংশ্লিষ্টরা মনে করছেন, এ পরিষেবা পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। আগরতলা, ঢাকা ও কলকাতা এই তিন শহরের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সেতুবন্ধ আরও সুদৃঢ় হবে।আন্তর্জাতিক এই বাসরুট শুধু যাতায়াতের মাধ্যম নয়; বরং দুই প্রতিবেশী দেশের জনগণের আন্তরিক সম্পর্ক ও আস্থার প্রতীক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

