রাতদিন ওয়েবডেস্ক : বাংলাদেশে সাধারণ নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পত্তির হিসাব প্রকাশ করল মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার মোট ২৭ জনের এক বছরের সম্পদের খতিয়ান জনসমক্ষে আনা হয়। প্রতিবেদনে গত বছরের ৩০ জুন পর্যন্ত সম্পদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সম্পদের পরিমাণ ও তার বৃদ্ধির তথ্য বিশেষভাবে আলোচনায় এসেছে।প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লক্ষ ৪৪ হাজার ৬৫ টাকা।
আগের বছর একই সময়ে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি ১ লক্ষ ৩৯ হাজার ৬৭৩ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তাঁর সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লক্ষ ৪ হাজার ৩৯২ টাকা।বিস্তারিত হিসাবে দেখা যাচ্ছে, ইউনূসের আর্থিক সম্পদের পরিমাণ বর্তমানে ১৪ কোটি ৭৬ লক্ষ ৬৪ হাজার ৪০১ টাকা, যা আগের বছর ছিল ১৩ কোটি ১৮ লক্ষ ৭১ হাজার ৪৩৩ টাকা। স্থাবর সম্পদের পরিমাণ যার মধ্যে জমি, বাড়ি, ফ্ল্যাট ও প্লট অন্তর্ভুক্ত এখন ২১ লক্ষ ৬ হাজার ২৫০ টাকা। এক বছর আগে তা ছিল ২০ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা। দেশের বাইরে তাঁর সম্পদের পরিমাণ ৬৪ লক্ষ ৭৩ হাজার ৪১৪ টাকা, যা আগের বছর ছিল ৬১ লক্ষ ৭৫ হাজার ৭৪০ টাকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সঞ্চয়পত্র ও মেয়াদি আমানতে অর্থ বৃদ্ধি, পাশাপাশি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারের মূল্য সংযোজনের কারণেই মূলত সম্পদ বেড়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে প্রধান উপদেষ্টা-সহ উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২১। এছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে রয়েছেন আরও চার জন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদেও পরিবর্তন এসেছে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লক্ষ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের বছর ছিল ২ কোটি ১১ লক্ষ ৭৭ হাজার ২৭৪ টাকা। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লক্ষ ১৩ হাজার ৯১৪ টাকা। তাঁর আর্থিক সম্পদ এখন ৪ লক্ষ ৫১ হাজার ৮৬০ টাকা, যা আগের বছর ছিল ৯৫ লক্ষ ৪১ হাজার ৬৭৯ টাকা। অন্যদিকে স্থাবর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা। তাঁর বিদেশে কোনও সম্পদ নেই। মুহাম্মদ ইউনূসের নামে কোনও ঋণ না থাকলেও আফরোজী ইউনূসের রয়েছে ১৬ লক্ষ ৯৬ হাজার টাকার ঋণ।

