Type Here to Get Search Results !

TMC Leader Booked : সিগারেট না পেয়ে দোকানে তাণ্ডব, অভিযুক্ত তৃণমূল নেতা

 রাতদিন ওয়েবডেস্ক : ধারে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে নকশালবাড়িতে উত্তেজনা। অভিযোগ উঠেছে, এক দোকানিকে হুমকি দিয়ে দোকানে ভাঙচুর চালিয়েছেন তৃণমূলের এক যুব নেতা। ঘটনার জেরে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি অভিযুক্ত নেতাকে শো কজ় নোটিস পাঠিয়েছে তাঁর দল।অভিযুক্তের নাম পার্থসারথি মুখোপাধ্যায়। তিনি দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে নকশালবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানে এই ঘটনা ঘটে।

অভিযোগকারী দোকানদার তপন পাল জানান, রাত প্রায় ১টা নাগাদ একটি গাড়ি তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে পার্থসারথি মুখোপাধ্যায় বাকিতে সিগারেট চান এবং পরে টাকা মেটানোর কথা বলেন।দোকানদারের দাবি, তিনি বাকিতে সিগারেট দিতে রাজি না হওয়ায় অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, এরপর তিনি দোকানের ভিতরে ঢুকে জিনিসপত্র ছুড়ে ফেলে ভাঙচুর চালান। তাঁর সঙ্গে আরও কয়েক জন ছিলেন বলেও অভিযোগ করেছেন তপন পাল। ঘটনার পর তিনি নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ সেই ভিডিয়ো প্রকাশ্যে আনেন। তার পরই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র চাপানউতর। মঙ্গলবার ওই দোকানদারের বাড়িতে যান বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে আনন্দময় বর্মণ। তিনি বলেন, “গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। দোষীরা যেন শাস্তি পায়।”অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পদক্ষেপ করা হয়েছে। দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল মঙ্গলবার দোকানদারের সঙ্গে দেখা করেন। তিনি জানান, আইন আইনের পথেই চলবে এবং কোনও অপরাধীকে দল কোনও ভাবেই রেয়াত করবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্ত যুব নেতাকে শো কজ় নোটিস পাঠানো হয়েছে বলে জানান তিনি।জানা গিয়েছে, পার্থসারথি মুখোপাধ্যায় একসময় নকশালবাড়ির তৃণমূল অঞ্চল সভাপতির দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে তাঁর বিরুদ্ধে আগেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল বলে দাবি। তবে বর্তমান ঘটনায় তাঁর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।শাসকদলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ধারে সিগারেট না দেওয়া নিয়ে দোকানে ভাঙচুরের মতো ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad