রাতদিন ওয়েবডেস্ক : বিহারের ভাগালপুর জেলায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস পেয়ে বড়সড় অভিযান চালাল কলকাতা পুলিশ -এর স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মধুসূদনপুর থানা এলাকার একটি বাড়ির একতলায় গোপনে চলছিল ওই কারখানা। অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম। ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। কলকাতা পুলিশের এসটিএফ-এর সঙ্গে যৌথভাবে অভিযানে অংশ নেয় বিহার পুলিশ -এর এসটিএফ দল।
নির্দিষ্ট বাড়িটিতে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা দেখতে পান, একতলাতেই গোপনে তৈরি হচ্ছিল দেশি আগ্নেয়াস্ত্র।অভিযান থেকে উদ্ধার হয়েছে ২০টি দেশি ৭.৫ এমএম পিস্তল এবং আটটি পিস্তলের ব্যারেল। পাশাপাশি মিলেছে দু’টি মাইলিং মেশিন, একটি ড্রিল মেশিন, একটি হ্যান্ড গ্রাইন্ডার-সহ আরও বেশ কিছু যন্ত্রাংশ, যা অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হত বলে অনুমান পুলিশের। তদন্তকারীদের ধারণা, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরি করে তা বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল।বাড়িটির মালিক নাসির আনসারি বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হলেন মোনাজ়ির, শাদাব আলি ওরফে সাদ্দাম, মহম্মদ আসলাম ওরফে টিঙ্কু, শমসের আলম ওরফে ছোটু এবং শাহানাজ়। মোনাজ়িরের বাড়ি ভাগলপুরে হলেও বাকি চার জন মুঙ্গের জেলার বাসিন্দা। মুঙ্গের দীর্ঘদিন ধরেই বেআইনি অস্ত্র কারবারের জন্য কুখ্যাত এই চক্রের সঙ্গে বড় নেটওয়ার্ক জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই কারবারের বিস্তার, অস্ত্র সরবরাহের রুট এবং অন্য কোনও রাজ্যের সঙ্গে যোগ আছে কি না, তা জানার চেষ্টা চলছে। যৌথ বাহিনীর এই অভিযানে বড়সড় চক্র ভাঙার সম্ভাবনা দেখছেন তদন্তকারীরা।
