Type Here to Get Search Results !

Pre-Match Mindgames : রবিবারের লড়াইয়ের আগে ভারতকে কটাক্ষ পাক স্পিনারের, “ভয় পাচ্ছে বলেই আমাকে নিয়ে আলোচনা”

 রাতদিন ওয়েবডেস্ক : ভারত–পাকিস্তান মহারণের সূচি প্রকাশ হতেই দুই শিবিরে শুরু হয়েছে মানসিক চাপের খেলা। পাকিস্তানের তরফে প্রথমে সাহিবজ়াদা ফারহান, আর এ বার স্পিনার উসমান তারিক সরাসরি বার্তা দিলেন ভারতের উদ্দেশে। বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট নিয়ে আত্মপ্রকাশ করেছেন তারিক। সেই আত্মবিশ্বাস নিয়েই তিনি দাবি করেছেন, তাঁকে ঘিরে ভারতের বাড়তি আলোচনা আসলে প্রতিপক্ষের উদ্বেগের লক্ষণ।তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক নতুন নয়। তাঁর হাতের গঠন ও ডেলিভারির ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের কয়েক জন প্রাক্তন ক্রিকেটার। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও জোর চর্চা চলছে।

প্রসঙ্গে তারিকের বক্তব্য, “ওদের উপর চাপ আছে বলেই আমার বোলিং নিয়ে এত কথা হচ্ছে। শুধু আমার অ্যাকশন নিয়েই আলোচনা করছে। এতে নিজেদের উপরেই চাপ বাড়াচ্ছে ওরা। আমি এসব নিয়ে ভাবছি না, মাঠে পারফরম্যান্সই আমার একমাত্র লক্ষ্য।”সমাজমাধ্যমে শ্রীবৎস গোস্বামী ডেলিভারির আগে থেমে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, ফুটবলে যেমন পেনাল্টির নিয়ম বদলেছে, ক্রিকেটেও কি এ বিষয়ে ভাবার সময় আসেনি? অন্য দিকে রবিচন্দ্রন অশ্বিন বোলারের স্বাধীনতার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, ব্যাটাররা যদি আগাম কিছু না জানিয়ে অভিনব শট খেলতে পারেন, তবে বোলার কেন কৌশলে পরিবর্তন আনতে পারবেন না? নিয়ম নিয়ে বৃহত্তর আলোচনা প্রয়োজন বলেও মত তাঁর। আকাশ চোপড়া আবার প্রযুক্তিগত দিক তুলে ধরে প্রশ্ন করেন, রান-আপ ছাড়া দাঁড়িয়ে বল করে অতিরিক্ত গতি তৈরি করা কতটা সম্ভব।তবে বিতর্কে না জড়িয়ে তারিকের নজর কেবল রবিবারের ম্যাচে। তাঁর কথায়, “অতীত নিয়ে ভাবছি না। গত কয়েক বছরে আমরা পিছিয়ে থাকলেও তার আগে আমরাই এগিয়ে ছিলাম। এটা নতুন ম্যাচ, বিশ্বকাপের মঞ্চ। আমরা জিততে নামব।” ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপ জয়ের অভিযানে এগোতেই চান তিনি।উল্লেখযোগ্য, ২০২৪ ও ২০২৫ সালের পাকিস্তান সুপার লিগেও তাঁর অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল। দু’বারই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পরীক্ষার পর বৈধ ঘোষণা করা হয়। তারিক জানান, তাঁর হাতে জন্মগত গঠনগত বৈশিষ্ট্য রয়েছে, যা দেখে অনেকের ভুল ধারণা হয়। “আমি পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেয়েছি। তবু সন্দেহ থামছে না,” বলেন তিনি।ভারতের ব্যাটাররা এখনও আন্তর্জাতিক মঞ্চে তারিকের মুখোমুখি হননি। সেই অজানা সমীকরণ কতটা প্রভাব ফেলবে, তা জানা যাবে মাঠে। তবে ম্যাচের আগেই কথার লড়াইয়ে উত্তাপ বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের এই স্পিনার।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad