রাতদিন ওয়েবডেস্ক : ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর দিল্লির দফতরে ইয়ং প্রফেশনাল পদে কর্মী নিয়োগ করা হবে। ওই শূন্যপদে নিয়োগের জন্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীকে আইসিএমআর-এর রিসার্চ ইন্টিগ্রিটি ইউনিটে কাজ করতে হবে। এই মুহূর্তে পদসংখ্যা একটি।আইসিএমআর সূত্রে জানা গিয়েছে, রাশিবিজ্ঞান, জনস্বাস্থ্য, নৃতত্ত্ব, ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডিজ়, মেডিক্যাল সোশিয়োলজি অথবা বায়োস্ট্যাটিস্টিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই চলবে না। প্রার্থীদের পাণ্ডুলিপি লেখা এবং বিজ্ঞানভিত্তিক গবেষণাপত্র প্রস্তুতের কাজে পারদর্শী হতে হবে। পাশাপাশি, সায়েন্স সাইটেশন ইনডেক্সড (SCI) জার্নালে অন্তত দু’টি গবেষণাপত্র প্রকাশিত থাকা বাধ্যতামূলক।এ ছাড়াও গবেষণামূলক প্রকল্পে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়সসীমা সর্বাধিক ৪০ বছরের মধ্যে হতে হবে বলে জানানো হয়েছে। যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।নিযুক্ত কর্মীকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং কাজের মেয়াদ থাকবে ২৬ মার্চ, ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়সীমা শেষে চুক্তি নবীকরণ করা হবে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে।ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। ওই দিন প্রার্থীদের দিল্লিতে আইসিএমআর-এর দফতরে সরাসরি হাজির থাকতে হবে। ইন্টারভিউয়ের সময় জীবনপঞ্জি (বায়োডাটা), শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র-সহ প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করতে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে ।

