রাতদিন ওয়েবডেস্ক : নতুন বছরের শুরুতেই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বড় সুখবর দিল ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সমাজমাধ্যম খুব শীঘ্রই এআই-ভিত্তিক রিল অনুবাদ ফিচারে আরও পাঁচটি ভারতীয় ভাষা যুক্ত করতে চলেছে। এর ফলে বহু ভাষার দর্শকের কাছে পৌঁছনোর সুযোগ আরও বাড়বে কন্টেন্ট নির্মাতাদের।ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, শীঘ্রই বাংলা, তামিল, তেলুগু, কন্নড় এবং মরাঠি ভাষায় রিলসের ডাবিং ও লিপ সিঙ্ক সুবিধা চালু করা হবে।
সম্প্রতি একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মেটা এআই-এর সাহায্যে ক্রিয়েটারেরা তাঁদের তৈরি রিলের ভাষা খুব সহজেই বদলে নিতে পারবেন। ফলে একটি ভিডিয়ো একাধিক ভাষায় অনুবাদ হয়ে বিশ্বজুড়ে নানা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছে যাবে।প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে প্রথম বার ইংরেজি, হিন্দি, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় এআই ডাবিং ও লিপ সিঙ্ক ফিচার চালু করেছিল ইনস্টাগ্রাম। সেই প্রযুক্তির সম্প্রসারণ হিসেবেই এ বার ভারতীয় ভাষাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করছে প্রযুক্তি মহল।ইনস্টা সূত্রে জানানো হয়েছে, নতুন এআই প্রযুক্তি ডাবিংয়ের সময় কন্টেন্ট ক্রিয়েটারের কণ্ঠস্বরের স্বর ও আবেগ অক্ষুণ্ণ রাখবে। ভাষা পরিবর্তন হলেও ভিডিয়োটি কৃত্রিম বা অস্বাভাবিক লাগবে না। ‘লিপ সিঙ্ক’ অপশন ব্যবহার করলে ঠোঁটের নড়াচড়ার সঙ্গে অনুবাদ করা অডিয়ো স্বাভাবিক ভাবেই মিশে যাবে, ফলে দর্শকের কাছে মনে হবে ক্রিয়েটার সেই ভাষাতেই কথা বলছেন।এই ফিচার ব্যবহার করতে রিল আপলোডের সময় ‘মেটা এআই দিয়ে ভয়েস অনুবাদ করুন’ অপশনটি নির্বাচন করতে হবে। আপডেট চালু হলে ভারতীয় ভাষাগুলির সুবিধাও স্বয়ংক্রিয় ভাবে যুক্ত হয়ে যাবে।এ ছাড়া, নতুন বছরে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে ইনস্টাগ্রাম। জানানো হয়েছে, এডিটস অ্যাপে এ বার থেকে ভারতীয় ফন্ট ব্যবহারের সুযোগ পাবেন কন্টেন্ট ক্রিয়েটারেরা। এর ফলে বাংলা, হিন্দি, মরাঠি বা অসমিয়ার মতো ভাষায় ক্যাপশন লেখা আরও সহজ হবে। প্রথম পর্যায়ে এই সুবিধা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হবে এবং তার জন্য অ্যাপ আপডেট করা প্রয়োজন হবে।

