Type Here to Get Search Results !

Idli Without Mould : ছাঁচ বা স্ট্যান্ড ছাড়াই বানান নরম ইডলি, হেঁশেলের জিনিসেই সহজ উপায়

 রাতদিন ওয়েবডেস্ক : দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার ইডলি এখন সারা দেশেই সমান জনপ্রিয়। হালকা, স্বাস্থ্যকর এবং সহজপাচ্য হওয়ায় সকালের জলখাবার থেকে রাতের ডিনার—সব ক্ষেত্রেই ইডলির কদর রয়েছে। তবে অনেকের বাড়িতেই ইডলি তৈরির বিশেষ স্ট্যান্ড বা ছাঁচ থাকে না। তাই ইচ্ছে থাকলেও অনেক সময় তা বানানো হয়ে ওঠে না। কিন্তু জানলে অবাক হবেন, ঘরের সাধারণ বাসনপত্র ব্যবহার করেই সহজে বানানো যায় নরম, তুলতুলে ইডলি।রান্নাবিদদের মতে, ইডলি বানানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চাল ও ডালের সঠিক অনুপাত এবং ব্যাটার সঠিকভাবে ফারমেন্ট করা। সাধারণত ১ কাপ চালের সঙ্গে আধ কাপ বিউলির ডাল এবং ১/৪ টেবিল চামচ মেথি মিশিয়ে ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হয়। ভিজে গেলে আলাদা করে মিক্সারে বেটে মসৃণ পেস্ট তৈরি করতে হবে। 

এরপর ব্যাটারটি পরিষ্কার ও শুকনো জায়গায় অন্তত ৭-৮ ঘণ্টা ঢেকে রাখতে হবে, যাতে ভালভাবে ফারমেন্ট হয়। ব্যাটার ঠিকমতো ফুলে উঠলে তবেই মিলবে নরম ইডলি।প্রথম পদ্ধতিতে একটি বড় পাত্রে জল নিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসাতে হবে। জল ফুটে উঠলে স্ট্যান্ডের উপর একটি ছোট থালা রেখে তার উপর ব্যাটার ভরা স্টিলের বাটি বসানো যায়। এরপর ভালভাবে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ভাপ বাইরে বেরিয়ে না যায়। এই ভাপেই ইডলি ধীরে ধীরে সেদ্ধ হবে। প্রায় ১৫-২০ মিনিট পর ঢাকনা খুলে টুথপিক বা ছুরি ঢুকিয়ে দেখে নিতে হবে ইডলি সেদ্ধ হয়েছে কি না।দ্বিতীয় পদ্ধতিতে স্টিলের ছোট গ্লাস ব্যবহার করা যায়। প্রথমে গ্লাসের ভিতরে হালকা তেল ব্রাশ করে নিতে হবে, যাতে ইডলি আটকে না যায়। তারপর ব্যাটার ঢেলে ফুটন্ত জলের উপর ছিদ্রযুক্ত থালা বা জালি বসিয়ে তার উপর গ্লাসগুলি রাখতে হবে। ভালভাবে ঢেকে ১৫-২০ মিনিট ভাপে রান্না করতে হবে। একটু ঠান্ডা হলে গ্লাস উল্টে হালকা ঠোকা দিলেই ইডলি বেরিয়ে আসবে। প্রয়োজনে ছুরি দিয়ে গোল করে কেটে নেওয়া যায়।তৃতীয় পদ্ধতিতে তৈরি করা যায় ‘থাট্টে ইডলি’, যা আকারে একটু বড় ও চ্যাপ্টা হয়। 

একটি বড় থালায় তেল মেখে তাতে ব্যাটার ঢেলে দিতে হবে। ফুটন্ত জলের পাত্রে স্ট্যান্ড বসিয়ে তার উপর থালাটি রেখে ভালভাবে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে, ফুটন্ত জল যেন ব্যাটারের সংস্পর্শে না আসে। প্রায় ২০ মিনিট ভাপে সেদ্ধ করলেই তৈরি হয়ে যাবে নরম থাট্টে ইডলি। উপর থেকে সামান্য পডি মশলা ছড়িয়ে নারকেল চাটনি ও সাম্বরের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।বিশেষজ্ঞদের মতে, ইডলি বানাতে দামি সরঞ্জামের প্রয়োজন নেই। সঠিক অনুপাত, ধৈর্য এবং ভাপের সঠিক ব্যবহারই হল আসল চাবিকাঠি। তাই বাড়িতে স্ট্যান্ড না থাকলেও চিন্তার কিছু নেই। রান্নাঘরের সাধারণ পাত্র, বাটি বা গ্লাস দিয়েই তৈরি করা সম্ভব দোকানের মতো নরম, সুস্বাদু ইডলি।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad