রাতদিন ওয়েবডেস্ক : আইপিএলের আগে বড় চমক দিতে চেয়েছিল রাজস্থান রয়্যালস। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর -কে দলে টানার প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই গম্ভীরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে আপাতত সেই প্রস্তাবে সাড়া দিচ্ছেন না তিনি।সূত্রের খবর, রাজস্থানের মালিকানায় পরিবর্তনের পর দলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অধিনায়কত্ব থেকে কোচিং স্টাফ সব ক্ষেত্রেই বদল আনার ভাবনা রয়েছে। সেই সূত্রেই গম্ভীরকে মেন্টর, সিইও বা উপদেষ্টা এই ধরনের কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তাব রাখা হয়।
আইপিএলে তাঁর সফল মেন্টর-পর্বই রাজস্থানের আগ্রহের প্রধান কারণ।গম্ভীর এর আগে লখনউ সুপার জায়ান্টসকে মেন্টর হিসেবে দু’বার প্লে-অফে তুলেছিলেন। পরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও সাফল্য পান। তাঁর কৌশলী মনোভাব এবং দল গঠনের দক্ষতা আইপিএলে প্রশংসিত হয়েছে। তাই তাঁকে দলে পেতে আগ্রহী রাজস্থান।তবে আপাতত ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার কোনও ইঙ্গিত নেই গম্ভীরের। ২০২৭ সাল পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে বোর্ডের সঙ্গে। ইতিমধ্যেই তাঁর কোচিংয়ে ভারত একটি আইসিসি ট্রফি জিতেছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত সুপার এইটে পৌঁছে গিয়েছে। সামনে ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ সেই লক্ষ্যেই জাতীয় দলের সঙ্গেই থাকতে চান তিনি।ক্রিকেটের নিয়ম অনুযায়ী, জাতীয় দলের কোচ থাকাকালীন অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া সম্ভব নয়। স্বার্থের সংঘাতের কারণে এমন পদক্ষেপে বিধিনিষেধ রয়েছে। ফলে এই মুহূর্তে রাজস্থানের প্রস্তাব কার্যত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।সব মিলিয়ে, আইপিএলে ফেরার জল্পনা থাকলেও গম্ভীরের ফোকাস এখন জাতীয় দলেই। ২০২৭-এর পর পরিস্থিতি বদলালে তবেই হয়তো আবার আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে তাঁকে।

