Type Here to Get Search Results !

Mamata Banerjee : ৭ এইআরও সাসপেনশন নিয়ে রাজ্য-কমিশন সংঘাত, তোপ মমতার

 রাতদিন ওয়েবডেস্ক : রাজ্যের এসআইআর প্রক্রিয়ার শেষ পর্যায়ে সাত জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও)–এর সাময়িক বরখাস্ত ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তাপ ক্রমশ বাড়ছে। রাজ্য সরকারকে এড়িয়ে সরাসরি এই সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া  এমনই অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রাজ্য সরকারের অধীনস্থ কোনও কর্মীকে এভাবে সরাসরি শাস্তি দেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে কি না। 

কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, “ওয়ান পার্টি, ওয়ান তুঘলকি কমিশন চলছে।” তাঁর অভিযোগ, বিএলও, ডিএম ও ইআরও-দের ভয় দেখানো হচ্ছে এবং রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করা হচ্ছে। “দিল্লির জমিদারদের কথায় চলছে তুঘলকি কমিশন। রাজনীতির নামে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে,” মন্তব্য করেন তিনি। কমিশনের কাছে তাঁর আবেদন, “গণতন্ত্র মেনে কাজ করুন।”প্রশাসনিক সূত্রে খবর, কমিশনের নির্দেশ মেনে রাজ্যের চার জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাঁদের মধ্যে দু’জন ইআরও (ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার) এবং দু’জন এইআরও। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র সৌজন্যের খাতিরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, “যাঁদের ডিমোশন করবে, তাঁদের আমরা প্রোমোশন দেব।”অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়েছেন, সাত এইআরও-র বিরুদ্ধে এসআইআর গাইডলাইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আইন মেনেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে তাঁর দাবি। কমিশনের বক্তব্য, সংশ্লিষ্ট আধিকারিকদের আগেই সতর্ক করেছিলেন মাইক্রো অবজার্ভার ও অবজার্ভাররা। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে অনিয়ম অব্যাহত থাকায় কঠোর ব্যবস্থা নিতে হয়েছে।কমিশন আরও জানিয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেই একমাত্র রাজ্য সরকার এই সাসপেনশন প্রত্যাহার করতে পারে। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে সরাসরি সাসপেনশনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও কমিশনের দাবি।সব মিলিয়ে সাত এইআরও-র সাসপেনশন ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়েন চরমে উঠেছে। প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad