রাতদিন ওয়েবডেস্ক : দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করতে সংবিধান সংশোধনের প্রস্তাব দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে.স্তালিন । বুধবার তামিল নাড়ু বিধানসভায় কেন্দ্র-রাজ্য সম্পর্ক সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ করে তিনি বলেন, “ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গঠনমূলক পরিবর্তন প্রয়োজন। প্রয়োজন হলে সংবিধান আবারও সংশোধন করা যেতে পারে।”
সম্প্রতি কেন্দ্র-রাজ্য সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল রাজ্যের শাসক দল ড্রাবিদা মুন্নাত্র কাজহাগাম (ডিএমকে) সরকার। গত ১৫ এপ্রিল গঠিত ওই কমিটির নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়ান জোসেফ । বুধবার সেই কমিটির প্রথম রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে জমা পড়ে, যা পরে বিধানসভায় পেশ করা হয়।রিপোর্ট পেশ করে স্ট্যালিন কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হন। তাঁর বক্তব্য, “অর্থবহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে নিয়ন্ত্রণ নয়, এর মানে বিশ্বাস ও স্বশাসন।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “কত দিন আমরা কেন্দ্রের কাছে হাত পাতব?” তাঁর মতে, রাজ্যগুলিকে আরও আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা দেওয়া প্রয়োজন। তবেই প্রকৃত অর্থে গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা গড়ে উঠবে।মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যগুলির উন্নয়নই দেশের সামগ্রিক অগ্রগতির ভিত্তি। যদি রাজ্যগুলিকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশি ক্ষমতা ও আর্থিক স্বাধীনতা দেওয়া হয়, তা হলে স্থানীয় সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে এবং উন্নয়নের গতি বাড়বে।এই প্রস্তাব রাজনৈতিক মহলে নতুন করে কেন্দ্র-রাজ্য সম্পর্কের বিতর্ক উসকে দিয়েছে। বিরোধীদের একাংশের মতে, বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনার দাবি রাখে। তবে ডিএমকে শিবিরের দাবি, এটি কোনও সংঘাতের প্রস্তাব নয়, বরং সংবিধানের কাঠামোর মধ্যেই ভারসাম্যপূর্ণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান।স্ট্যালিনের এই অবস্থান ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলে, তা নিয়ে জল্পনা শুরু।
