রাতদিন ওয়েবডেস্ক : মাধ্যমিকের প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ-এর সাইবার অপরাধদমন শাখা। ধৃতদের নাম মাসুদ আলি, ফৈয়দ আলি এবং চিরঞ্জিত দাস। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁদের পাকড়াও করা হয়। অভিযুক্তদের কাছ থেকে একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র আগাম পাইয়ে দেওয়ার নামে একটি প্রতারণাচক্র সক্রিয় হয়েছিল।
গত ১ ফেব্রুয়ারি এ বিষয়ে অভিযোগ জমা পড়ে। উল্লেখযোগ্যভাবে, ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি শেষ হয় মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার আগেই অভিযোগ পেয়ে তদন্তে নামে সাইবার অপরাধদমন শাখা।তদন্তে উঠে আসে, ইউটিউব ও টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করে পরীক্ষার্থীদের ফাঁদে ফেলা হচ্ছিল। মোটা টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনলাইনে টাকা নেওয়া হত। পরে পাঠানো হত ভুয়ো প্রশ্নপত্র। বহু পরীক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হয়েছেন বলে অভিযোগ।
মোবাইল সাবস্ক্রাইবার ডেটা, আইপি লগ এবং ডিজিটাল লেনদেনের তথ্য বিশ্লেষণ করে তিন অভিযুক্তকে চিহ্নিত করা হয়। প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতেই তাঁদের গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত মোবাইল ফোনগুলির ফরেনসিক পরীক্ষা হবে। তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।

