Type Here to Get Search Results !

Crash Investigation Update : অজিত পওয়ারের বিমান দুর্ঘটনা: ককপিট রেকর্ডার বিশ্লেষণে বিদেশি বিশেষজ্ঞের সহায়তা

 রাতদিন ওয়েবডেস্ক : অজিত পওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনার তদন্তে গতি আনতে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) থেকে তথ্য উদ্ধারে বিশেষজ্ঞ সাহায্য চাওয়া হয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট যন্ত্রটি আমেরিকায় নির্মিত হওয়ায় সেখানকার অনুমোদিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।গত ২৮ জানুয়ারি লির্জেট ৪৫ বিমানে মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত পওয়ার। 

বারামতীতে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময়ে বিমানে অজিত-সহ মোট পাঁচজন ছিলেন এবং সকলেরই মৃত্যু হয়। কী কারণে এই বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখছে এএআইবি।বিবৃতিতে জানানো হয়েছে, ভেঙে পড়া বিমানটিতে দু’টি ফ্লাইট রেকর্ডার ছিল একটি ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর) এবং অন্যটি ককপিট ভয়েস রেকর্ডার। দুর্ঘটনার সময় দীর্ঘক্ষণ আগুন ও তাপে যন্ত্র দুটি ক্ষতিগ্রস্ত হয়। এল৩-কমিউনিকেশন্‌স নির্মিত ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডারটি ইতিমধ্যে এএআইবি-র ল্যাবরেটরিতে পরীক্ষা করে সেখান থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা হয়েছে।তবে ককপিট ভয়েস রেকর্ডারটি তৈরি করেছে হয়নিওয়েল । এই যন্ত্র থেকে তথ্য উদ্ধারে জটিলতা তৈরি হওয়ায় নির্মাতা দেশের সরকার-অনুমোদিত বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। যদিও এএআইবি সরাসরি কোনও দেশের নাম উল্লেখ করেনি, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রেকর্ডারটি আমেরিকায় তৈরি।দুর্ঘটনার পরের দিন সকালে বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা হয়। নাম ব্ল্যাক বক্স হলেও যন্ত্রটির রং সাধারণত উজ্জ্বল কমলা, যাতে ধ্বংসস্তূপের মধ্যেও সহজে খুঁজে পাওয়া যায়। ব্ল্যাক বক্সে মূলত দু’টি অংশ থাকে ককপিট ভয়েস রেকর্ডার, যা পাইলটদের কথোপকথন ও ককপিটের শব্দ রেকর্ড করে; এবং ফ্লাইট ডেটা রেকর্ডার, যা বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের কার্যকারিতা-সহ নানা প্রযুক্তিগত তথ্য সংরক্ষণ করে।তদন্তকারী সংস্থা মনে করছে, এই দুই রেকর্ডার থেকেই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। বিশেষ করে অবতরণের মুহূর্তে কী পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কোনও যান্ত্রিক ত্রুটি বা মানবিক ভুল ছিল কি না, তা জানতে ককপিট রেকর্ডারের তথ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় সেই তথ্য বিশ্লেষণ দ্রুত সম্পন্ন হবে বলেই আশাবাদী তদন্তকারীরা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad