রাতদিন ওয়েবডেস্ক : বাংলাদেশে ভোটগ্রহণ শুরুর ঠিক আগে মৌলভীবাজারের কমলগঞ্জে এক যুবকের হাত-পা বাঁধা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম রতন শুভ কর (২৮)। তাঁর শরীরে একাধিক গভীর ক্ষতচিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ। খুনের নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে নির্বাচন-পূর্ব অশান্তির কোনও যোগ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।পরিবারের দাবি, মঙ্গলবার রাত থেকেই রতন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর বুধবার খবর আসে, কমলগঞ্জের একটি চা বাগান এলাকায় এক যুবকের হাত-পা বাঁধা দেহ পড়ে রয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা দেহটি রতনের বলে শনাক্ত করেন। তাঁদের কথায়, রতনের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। কী কারণে তাঁকে এমন নৃশংস ভাবে হত্যা করা হল, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতন স্থানীয় এক চা বাগান শ্রমিকের ছেলে এবং তিনিও একই বাগানে কাজ করতেন। দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহে যে আঘাতের চিহ্ন মিলেছে, তা থেকে প্রাথমিক ভাবে নৃশংস হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে চাননি তিনি।উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা (ভারতীয় সময়) থেকে বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। তার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছিল। কোথাও ভোটকেন্দ্রের কাছে বোমাবাজি, কোথাও রাজনৈতিক ব্যক্তিত্বদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কুপিয়ে জখম করার ঘটনাও সামনে এসেছে। এই আবহেই নির্বাচনের আগের দিন এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে।গত কয়েক মাসে বাংলাদেশে একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। ডিসেম্বরে তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরে ময়মনসিংহের যুবক দীপুচন্দ্র দাস খুন হন; অভিযোগ, তাঁর দেহে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচনের মুখে তাঁর পরিবারকে ৫০ লক্ষ টাকা (বাংলাদেশি মুদ্রায়) আর্থিক সহায়তার ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে দীপুর পরিবারের দাবি, আর্থিক সহায়তার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।এই প্রেক্ষাপটে রতনের মৃত্যু ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

