রাতদিন ওয়েবডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ব্যাড্স অফ বলিউড নিয়ে চর্চা তুঙ্গে। সিরিজে অবতার সিংহের চরিত্রে প্রবীণ অভিনেতা মনোজ পাহওয়ার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সব মহলে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মনোজ যে তথ্য ফাঁস করেছেন, তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বি-টাউনে। অভিনেতা জানিয়েছেন, আরিয়ান খানের কাজের প্রস্তাব তিনি প্রথমবারেই ফিরিয়ে দিয়েছিলেন।
কিন্তু কেন? নেপথ্যে ছিল এক অদ্ভুত তিক্ত অভিজ্ঞতা। মনোজ পাহওয়া জানান, দীর্ঘদিনের ক্যারিয়ারে তিনি শাহরুখ খানের সঙ্গে একাধিক কাজ করলেও আরিয়ানের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় ছিল না। আরিয়ান নিজেই এই চরিত্রে অভিনয়ের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু মনোজ যখন চিত্রনাট্য বা স্ক্রিপ্ট দেখতে চান, তখনই বাঁধে গোলমাল। অভিনেতার কথায়, আমি যখন চিত্রনাট্য চেয়ে পাঠাই তখন আমার আপ্তসহায়ক জানান যে আরিয়ানদের টিম থেকে কাউকেই স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে না। বিষয়টি আমার ইগোতে লেগেছিল। দিল্লির মেজাজে বড় হওয়া এই অভিনেতা সোজাসাপ্টা ভাষায় বলেন, আরিয়ান খান নিজের বাড়িতে বড় কেউ হতে পারেন তবে অভিনেতা হিসেবে আমিও কিন্তু কম কিছু নই। যথাযথ সম্মান এবং পেশাদারিত্ব বজায় না রাখলে কাজ করা কঠিন। তিনি স্পষ্ট করে দেন যে চিত্রনাট্য না দেখে তিনি কোনও প্রজেক্টে সই করতে রাজি ছিলেন না।অভিনেতার এই অনড় মনোভাব দেখে শেষ পর্যন্ত আরিয়ান নতিস্বীকার করেন এবং মনোজকে চারটি চিত্রনাট্য পাঠিয়ে দেওয়া হয়। চিত্রনাট্য পড়ে পছন্দ হওয়ার পরেই কাজটিতে রাজি হন তিনি। সিরিজে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মনোজ জানান, শুরুটা তিক্ত হলেও শুটিংয়ের দিনগুলো ছিল বেশ উপভোগ্য। শুটিং সেটে মাঝে মাঝেই শাহরুখ খান আসতেন ছেলের কাজ তদারকি করতে। মনোজের অভিনয়ের প্রশংসা করে কিং খান তাঁকে তাঁর বাসভবন মন্নত এ ডিনারের আমন্ত্রণও জানিয়েছেন। কৌতুক হোক বা খলচরিত্র অভিনয়ের প্রতি মনোজ পাহওয়ার এই আপসহীন মনোভাব আরও একবার প্রমাণ করল যে বলিউডে দীর্ঘস্থায়ী হতে গেলে কেবল তারকা-সন্তান হওয়াই যথেষ্ট নয়, গুণী শিল্পীদের প্রাপ্য সম্মান দিতেও জানতে হয়। পরবর্তীতে আরিয়ানের পরিচালনায় কাজ করে মনোজ বেশ তৃপ্ত। তিনি মনে করেন আরিয়ানের কাজের ধরন বেশ আধুনিক এবং ভবিষ্যতে পরিচালক হিসেবে তিনি অনেক দূর যাবেন। তবে নিজের মর্যাদা বিসর্জন দিয়ে কোনো বড় ব্যানারে কাজ করার পক্ষপাতী যে তিনি নন, তা এই ঘটনার মাধ্যমেই সাফ জানিয়ে দিলেন প্রবীণ এই শিল্পী।

