রাতদিন ওয়েবডেস্ক : রাজ্যে শীতের আমেজ পুনরায় ফিরতে শুরু করেছে। উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়ার অবাধ প্রবেশের ফলে আজ থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। আগামী কয়েকদিন শুকনো আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মকর সংক্রান্তির আগে রাজ্যজুড়ে হাড়কাঁপানো ঠান্ডার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের জেলাগুলোতে কনকনে শীতের দাপট অব্যাহত থাকবে। আগামী এক সপ্তাহ তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশার আধিক্য দেখা যাবে। বিশেষ করে মালদা এবং উত্তর দিনাজপুরে 'কোল্ড ডে' বা শীতল দিন হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। পাহাড়ে তুষারপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই।দক্ষিণবঙ্গে আজ থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উপকূলবর্তী জেলাগুলোসহ বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠবে, তবে রাত ও ভোরে ঠান্ডার তীব্রতা বাড়বে। উত্তুরে হাওয়ার দাপটে আগামী ৪-৫ দিন আবহাওয়া এমনই থাকবে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। মহানগরে ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনের বেলা রোদঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। মকর সংক্রান্তির সময় তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের চার জেলা,দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে, ফলে সড়ক ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা থাকলেও বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নেই।
