রাতদিন ওয়েবডেস্ক : সমাজমাধ্যমে আবারও আলোড়ন ফেলেছে এক অদ্ভুত প্রাণীর ভিডিয়ো। রেডিটে ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্যাঙ্কের মতো একটি কাঠামোর ভিতরে ধীরে ধীরে সাঁতার কাটছে লম্বা ও সরু একটি প্রাণী। প্রথম দেখায় সাপের মতো মনে হলেও, তার সারা শরীর জুড়ে জমে থাকা সবুজ শৈবাল প্রাণীটিকে দিয়েছে একেবারে ভিন্ন চেহারা।
জলের মধ্যে ধীর গতিতে চলাফেরা করা সেই প্রাণীটি মাঝেমধ্যেই চেরা জিভ বার করছে। অদ্ভুত এই দৃশ্য দেখেই অনেকের মনে হয়েছে, যেন কোনও ‘ড্রাগন’ জলের মধ্যে নড়াচড়া করছে।ভাইরাল হওয়া প্রাণীটি আসলে কোনও রহস্যময় ড্রাগন নয়, বরং একটি সামুদ্রিক সাপ। দীর্ঘ সময় জলের মধ্যে থাকার কারণেই তার গায়ে অজস্র শৈবাল জমে গিয়েছে। সেই শৈবালই সাপটির শরীরকে লোমশ ও অস্বাভাবিক দেখাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সামুদ্রিক সাপেদের ক্ষেত্রে এমন ঘটনা অস্বাভাবিক নয়। জলেই বেশির ভাগ সময় কাটানোর ফলে তাদের শরীরে শৈবাল ও ক্ষুদ্র জলজ উদ্ভিদ আশ্রয় নেয়।জানা গিয়েছে, ভিডিয়োটি নতুন নয়। ২০২২ সালে থাইল্যান্ডের সাখোন নাখোন এলাকায় স্থানীয় এক যুবক গভীর রাতে বাড়ি ফেরার সময় ওই সাপটির খোঁজ পান। অদ্ভুত চেহারা দেখে তিনি বিস্মিত হন এবং সাপটিকে সাময়িকভাবে নিজের কাছে রেখে দেন। সেই সময়েই তিনি ভিডিয়োটি রেকর্ড করেন। যদিও ভিডিয়োটি পুরোনো, সম্প্রতি নতুন করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় আবারও নজর কেড়েছে নেটাগরিকদের।ভাইরাল হওয়ার পর ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বইছে। কেউ কেউ মজার ছলে একে ‘ড্রাগন’ বলে ডাকছেন, আবার অনেকে প্রকৃতির এই বিরল দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করছেন। এক নেটাগরিক লিখেছেন, “এমন সাপ আগে কখনও দেখিনি, একেবারে কল্পবিজ্ঞানের প্রাণীর মতো।” অন্য জনের মন্তব্য, “ভয়ংকর হলেও প্রকৃতিতে এমন সামুদ্রিক সাপ সত্যিই দেখা যায়।”

