রাতদিন ওয়েবডেস্ক : মার্মান্তিক এক দুর্ঘটনায় শোকস্তব্ধ টলিউড। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। আজ, ২৯ মার্চ ২০২৬, ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে 'ভোলে বাবা পার করেগা' নামক একটি নতুন ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রাপ্ত খবর অনুযায়ী, রবিবার সকাল থেকেই শুটিং ইউনিটের সঙ্গে ব্যস্ত ছিলেন ৪২ বছর বয়সী এই অভিনেতা। বিকেলের দিকে শুটিং শেষ হওয়ার পর তিনি সমুদ্রের জলে নামেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সৈকতে তখন অভিনেত্রী শ্বেতা মিশ্রও উপস্থিত ছিলেন, তবে তিনি পাড়েই দাঁড়িয়েছিলেন। হঠাতই রাহুলকে ঢেউয়ের তোড়ে তলিয়ে যেতে দেখে শ্বেতা চিৎকার করে লোক জড়ো করেন। সহকর্মী ও টেকনিশিয়ানরা দ্রুত জলে নেমে তাঁকে উদ্ধার করে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তালসারি থেকে দিঘা হাসপাতালে পৌঁছাতে প্রায় ২০-২২ মিনিট সময় লাগে। অভিনেতা দিগন্ত বাগচীর মতে, রাহুলকে যখন জল থেকে তোলা হয়েছিল, তখন তাঁর শরীরে প্রাণ ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে সব শেষ হয়ে যায়। সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই দুঃসংবাদ পাওয়ার পর থেকেই টলিপাড়ার সতীর্থরা বিশ্বাসই করতে পারছেন না যে হাসিখুশি প্রাণবন্ত এই মানুষটি আর নেই।
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক সৌরভ পালোধি সকলেই গভীর শোক প্রকাশ করেছেন। ২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' ছবির মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠা রাহুল শুধু একজন দক্ষ অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন মননশীল লেখক এবং থিয়েটার ব্যক্তিত্ব। সম্প্রতি তাঁর পডকাস্ট সিরিজ 'সহজ কথা' দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ব্যক্তিগত জীবনে স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং পুত্র সহজের সঙ্গে মনোমালিন্য মিটিয়ে গত বছরই তাঁরা আবার নতুন করে পথ চলা শুরু করেছিলেন, যা তাঁর ভক্তদের মনে আনন্দের সঞ্চার করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শুটিং ফ্লোর থেকেই চিরবিদায় নিলেন এই প্রতিভাবান শিল্পী। সোমবার কাঁথি মহকুমা হাসপাতালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। রাহুলের প্রয়াণে বাংলা সিনেমা ও টেলিভিশন জগত একজন বহুমুখী প্রতিভাকে হারাল, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়।

