রাতদিন ওয়েবডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে স্বামী ও স্ত্রীর নিথর দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট সংলগ্ন ২০ ফুট এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতদের নাম তন্ময় দে এবং রুমা রক্ষিত দে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দম্পতি প্রায় পাঁচ বছর ধরে ওই আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। রবিবার সকাল থেকে তাঁদের ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করলেও কোনও সাড়া না পেয়ে তাঁদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় জিনজিরা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে শোওয়ার ঘরের খাটের ওপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন স্বামী স্ত্রী। পুলিশ জানিয়েছে মৃতদেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে ঘুমের ওষুধের বেশ কিছু খালি স্ট্রিপ এবং শিশি। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঋণের বোঝা এবং চরম আর্থিক অনটনের কারণেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই দম্পতি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তন্ময়বাবু ও রুমা দেবীর এটি দ্বিতীয় বিবাহ ছিল এবং তাঁরা খুব শান্তভাবে জীবনযাপন করতেন। প্রতিবেশী বা ফ্ল্যাট মালিকের সাথে কখনও তাঁদের কোনও বিবাদের কথা শোনা যায়নি। পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে মহেশতলা থানার পুলিশ।

